চার ব্যাংকের সিএসআর বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাষ্ট্রমালিকানাধীন চার ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা বা করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার।
এ জন্য ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে দায়ী করা হয়েছে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের অবশ্য সরকারই নিয়োগ দেয়। আপাতত যে ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রম বন্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে—জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল)।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সম্প্রতি চার ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধের ব্যাপারে একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, ‘লক্ষ করা যাচ্ছে যে, কয়েকটি রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের পর্ষদসমূহ সিএসআরের আওতায় ব্যাপকভাবে অর্থ ব্যয় করছে। এতে ব্যাংকের মূলধন পর্যাপ্ততায় ব্যাপক প্রভাব ও ব্যাংকের নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশনিং) ওপরও প্রত্যক্ষ প্রভাব পড়ছে।’

.
.

সব ধরনের ঋণের বিপরীতেই ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নিরাপত্তা সঞ্চিতি হিসেবে জমা রাখতে হয়। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বিষয়টিকে ব্যাখ্যা করে বলেন, ‘রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর পক্ষে ঋণের নিরাপত্তা সঞ্চিতি রাখাই যেখানে মুশকিল, সেখানে সিএসআরের নামে অর্থ ব্যয়ের কোনো মানে হয় না।’
কোম্পানির মুনাফার যে ক্ষুদ্র অংশ সামাজিক কাজে ব্যয় করার জন্য রাখা হয়, সেটাই সিএসআরের অর্থ। ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরপরই সিএসআর কার্যক্রমে অর্থ ব্যয় করতে কোম্পানিগুলোকে উৎসাহিত করে বাংলাদেশ ব্যাংক। যদিও এ বিষয়ে কোনো নীতিমালা তৈরি করা হয়নি তখন। নীতিমালা না থাকার কারণেই সিএসআরের অর্থ ইচ্ছেমতো ব্যয় করেছে ব্যাংকগুলো।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মাহফুজুর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সিএসআরের অর্থ ব্যয়ের ব্যাপারে কেন্দ্রীয় ব্যাংকের একটা নির্দেশিকা রয়েছে। সে অনুযায়ী ব্যাংকগুলো নিজেদের মতো করে অর্থ ব্যয় করে আসছিল।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে অর্থ ব্যয়কে অগ্রাধিকার দিয়ে এরই মধ্যে সিএসআর নীতিমালার একটা খসড়া তৈরি করা হয়েছে বলে উল্লেখ করেন মাহফুজুর রহমান। নীতিমালাটি জারি হবে কবে—জানতে চাইলে এক শব্দে জবাব দিয়ে মাহফুজুর বলেন, ‘শিগগিরই।’
নীতিমালা না থাকলেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০১০ সালের ১ জুলাই থেকে প্রথম সিএসআর বিষয়ে কর রেয়াতের সুবিধা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। যদিও পরের বছর ২০১১ সালের ৪ জুলাই তা সংশোধন করা হয়। বর্তমানে সিএসআর খাতে কোনো ব্যাংক যে পরিমাণ অর্থ ব্যয় করে, তার ওপর ১০ শতাংশ পর্যন্ত আয়কর রেয়াত পায়। তবে শর্ত রয়েছে। কোম্পানির মোট আয়ের ২০ শতাংশ বা আট কোটি টাকা—এর মধ্যে যেটি কম, তার চেয়ে বেশি ব্যয় করা অর্থের ক্ষেত্রে আয়কর রেয়াত প্রযোজ্য হবে না।
দেশের ব্যাংক খাত সিএসআর বাবদ গত এক বছরে কত টাকা ব্যয় করেছে—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। আবার বেসরকারি ব্যাংকের এ খাতের ব্যয়ের হিসাবও নেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কাছে। তবে বাংলাদেশ ব্যাংক ও এনবিআর সূত্র জানায়, সরকারি-বেসরকারি ব্যাংক মিলিয়ে সিএসআরের আওতায় এযাবৎ ব্যয় হয়েছে ৪৪০ কোটি টাকা, ২০০৯ সালে যা ছিল ৪৯ কোটি টাকা। সিএসআরের আওতায় পাঁচ বছরে জনতা ব্যাংক একাই ব্যয় করেছে ৫৬ কোটি ২০ লাখ টাকা।
কেন চার ব্যাংকের সিএসআর কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো এবং সোনালী ব্যাংকসহ অন্য রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর একই কার্যক্রম কেন বন্ধ করা হয়নি—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম দেশের বাইরে থাকায় এর কোনো জবাব পাওয়া যায়নি।

.
.

তবে বিভাগের সূত্রগুলো জানায়, সিএসআরের নামে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক থেকে টাকা বের করে নেওয়ার একটি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এবং ব্যাংক পর্ষদের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন নামে তারা ব্যাংক থেকে অর্থ বের করে নিয়ে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে এ বিষয়গুলো এসেছে। আর সেই কারণেই এই নিষেধাজ্ঞা। সোনালী ব্যাংকের সিএসআর কার্যক্রম সহনশীল মাত্রায় থাকায় বন্ধ করা হয়নি বলে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
অবশ্য বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, শুধু চার ব্যাংক নয়, রাষ্ট্রমালিকানাধীন অন্য ব্যাংকগুলোতেও সিএসআরের নামে অর্থ ব্যয় নিয়ে অনিয়ম হচ্ছে। একই কাজ হচ্ছে বেসরকারি ব্যাংকেও।

.
.

বেসরকারি ব্যাংকের সিএসআরের অর্থ ব্যয় তদন্ত করে দেখা হবে কি না, জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে নতুন নীতিমালা জারি হলে গোটা বিষয়টিই শৃঙ্খলার মধ্যে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে নীতিমালা জারির পরেই চার ব্যাংকের সিএসআর কার্যক্রম আবার চালু হবে। যোগাযোগ করা হলে জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত প্রথম আলোকে বলেন, ‘আট হাজার ২৩৩ জন ব্যক্তি ও এক হাজার ৪৫৯টি প্রতিষ্ঠান জনতা ব্যাংকের সিএসআরের সুবিধাভোগী। আমার মনে হয়, অর্থমন্ত্রী সিএসআর বোঝেন না এবং সিএসআর বন্ধ করে দিয়ে অর্থ মন্ত্রণালয় অন্যায় করেছে।’
বারকাত বলেন, ‘৭০০ কোটি টাকা নিট মুনাফা থেকে ২০-৩০ কোটি টাকা সিএসআরের জন্য ব্যয় করতেই পারে জনতা ব্যাংক। কিন্তু সুনামগঞ্জ অঞ্চলে নৌকাবাইচের জন্য জনতা ব্যাংকের সিএসআর থেকে টাকা চেয়ে আধা সরকারি চিঠি (ডিও) এসেছিল অর্থ মন্ত্রণালয় থেকে। আমরা দিইনি।’ তিনি বলেন, বিশ্বব্যাপী দক্ষ নার্সের ব্যাপক চাহিদা। বারডেমের সঙ্গে যৌথভাবে একটি নার্সিং ইনস্টিটিউটের জন্য তাই ১০ কোটি টাকা ব্যয় করছে জনতা ব্যাংক। কিন্তু এর ফিতা কাটার জন্য কাউকে ডাকা হয়নি। এসব বিষয়ে কেউ কেউ ক্ষুব্ধ হতে পারে।