চার মাস পর ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন গতকাল বৃহস্পতিবার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরে ও চার মাসের মধ্যে এই বাজারে এটি হচ্ছে সর্বোচ্চ লেনদেন।এদিন ডিএসইতে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৫২ কোটি টাকায়। এর আগে সর্বশেষ ২০১২ সালের ১৪ অক্টোবর ঢাকার বাজারে প্রায় ৬৯১ কোটি টাকার লেনদেন হয়েছিল। সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল ডিএসইতে লেনদেনে প্রাধান্য ছিল বস্ত্র খাতের। এই খাতের ২৬ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৭ কোটি টাকা। যেটি ডিএসইর মোট লেনদেনের ২১ শতাংশ। বস্ত্র খাতের পরের অর্থাত্ দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুত্ ও জ্বালানি খাত। এ খাতের ১৫ কোম্পানির মোট ৮৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়, যা দিনের সার্বিক লেনদেনের ১৬ শতাংশ।জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বহির্ভূত যেসব কোম্পানি আগামীতে লভ্যাংশ ঘোষণা করবে সেগুলোর প্রতিই এখন বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। সেই সঙ্গে বিদ্যুত্ ও জ্বালানি খাতের প্রতিও তাঁদের আগ্রহ রয়েছে।’মাশরিব জাহিদ আরও বলেন, ‘লভ্যাংশ ঘোষণা ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিতে বিনিয়োগের মাধ্যমে নিস্ক্রিয় অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হচ্ছেন। যার প্রভাব দেখা যাচ্ছে লেনদেনে।’ এদিকে খাতভিত্তিক লেনদেনের বাইরে একক কোম্পানি হিসেবে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। বুধবার কোম্পানিটি অনিরীক্ষিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে ২০১২ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়কালে কোম্পানিটির কর-পরবর্তী শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৩৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৯ পয়সা। আর্থিক প্রতিবেদন প্রকাশের দিনেই কোম্পানিটির একজন পরিচালক বাজার থেকে এক লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। আর্থিক প্রতিবেদন প্রকাশ ও এক পরিচালকের শেয়ার কেনার ঘোষণা এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনে প্রভাব ফেলেছে। তবে দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৩০ পয়সা কমেছে। মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। এই ধারা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৯৭ পয়েন্টে। নতুন সূচক ডিএসইএক্স প্রায় ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩০৫ পয়েন্টে। এদিন ডিএসইতে ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ২২৯টির, কমেছে ২৯টির আর অপরিবর্তিত ছিল ১৭টির। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮৫ পয়েন্টে। এই বাজারে ২০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১৫৮টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত ছিল ১৭টির। দিন শেষে চট্টগ্রামের বাজারে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।