চার মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের চতুর্থ মাসে অর্থাৎ অক্টোবর মাসে দেশে চলতি হিসাবের ভারসাম্যে ১৯ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। ফলে সেপ্টেম্বর মাসে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতি অবস্থা থেকে বেড়িয়ে আসা সম্ভব হলো।অক্টোবরে এই উদ্বৃত্তের কারণে অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা কিছুটা বেড়েছে। তবে তা গত ২০০৯-১০ অর্থবছরের প্রথম চার মাসের তুলনায় অনেক নিচে রয়েছে।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে দেখা যায় যে ২০১০-১১ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে চলতি হিসাবের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪০ লাখ ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্তের পরিমাণ ছিল ১২৯ কোটি ২০ লাখ ডলার।অন্যদিকে গত বছরের শুধু অক্টোবর মাসেই চলতি হিসাবের ভারসাম্যে ১২ কোটি ৪০ লাখ ডলারের ঘাটতি দেখা দিয়েছিল।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের চিত্র প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত এটাই বোঝায় যে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হয় না।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরেই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি। বরং প্রতিবছরই উদ্বৃত্তাবস্থা বেড়েছে।এই ধারাবাহিকতায় ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ক্ষেত্রে চলতি হিসাবে বাংলাদেশের উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৩৭৩ কোটি ৪০ লাখ ডলার, যা এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ।মূলত প্রবাসী আয়ের উচ্চপ্রবাহ চলতি হিসাবের ভারসাম্যে বড় ধরনের উদ্বৃত্ত বজায় রাখতে সহায়তা করেছে।তবে চলতি অর্থবছরে এই ভারসাম্যের উদ্বৃত্ত কমে যাওয়ায় এটাই প্রতীয়মান হচ্ছে যে দেশের সার্বিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, এ বছরের সেপ্টেম্বর মাসে চলতি হিসাবের ভারসাম্যে ১৯ কোটি ৮০ লাখ ডলারের ঘাটতি ছিল। আর গত বছরের সেপ্টেম্বর মাসে এই ভারসাম্যে ১১ কোটি ২০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছিল।চলতি বছরের আগস্ট মাসে চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল ৩৩ কোটি ৩০ লাখ ডলার। অন্যদিকে গত বছরের আগস্ট মাসে চলতি হিসাবে ১৩ কোটি ডলারের ঘাটতি ছিল। আবার চলতি অর্থবছরের জুলাই মাসে চলতি হিসাবে ৫০ কোটি ডলারের উদ্বৃত্ত দেখা দেয়।প্রবাসী-আয় প্রবাহের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ার পাশাপাশি পণ্য আমদানি ও সেবা খাতে বৈদেশিক ব্যয় বেড়ে যাওয়ার প্রভাবে বাণিজ্য ঘাটতি বেড়ে চলতি হিসাবের ভারসাম্যকে চাপের মুখে ফেলেছে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায় যে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ১২৮ কোটি ৮০ লাখ ডলার। আর ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৩ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এই সময়ের ব্যবধানে দেশে বাণিজ্য ঘাটতি ৭৪ দশমিক ৩০ শতাংশ বেড়েছে।যে হারে পণ্য রপ্তানি থেকে আয় বেড়েছে, তার চেয়ে বেশি হারে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যবাণিজ্যে ঘাটতিও বেড়ে গেছে। লেনদেনের ভারসাম্য সারণি অনুসারে প্রথম প্রান্তিকে রপ্তানি আয় ও আমদানি ব্যয় বেড়েছে যথাক্রমে ৩০ দশমিক ২০ শতাংশ ও ৩৭ দশমিক ২৬ শতাংশ।অবশ্য এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণির জুলাই-অক্টোবর সময়ের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি। তাই এই চার মাসে প্রকৃত বাণিজ্য ঘাটতি কত দাঁড়িয়েছে, তা জানা সম্ভব হয়নি।তবে এই সময়ে ৯৫৪ কোটি ৭৩ লাখ ডলারের সমপরিমাণ আমদানি ব্যয় (সিঅ্যান্ডএফ-ভিত্তিক) এবং ৬৭২ কোটি ১৪ লাখ ডলারের রপ্তানি আয়ের (ইপিবির পরিসংখ্যান) তথ্যের ভিত্তিতে ধারণা করা যায় যে প্রথম চার মাসে বাণিজ্য ঘাটতি ৩০০ কোটি ডলারের নিচেই থাকবে।