চার মাসে পণ্য রপ্তানি আয় কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মোট পণ্য রপ্তানি আয়ে সুখবর নেই। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৯৬৫ কোটি ২৬ লাখ মার্কিন ডলারের রপ্তানি আয় হয়েছে। দেশীয় মুদ্রায় যা দাঁড়ায় ৭৭ হাজার ২২০ কোটি টাকা। তবে এ ক্ষেত্রে প্রবৃদ্ধি ও লক্ষ্যমাত্রা কোনো​টিই অর্জিত হয়নি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্যানুযায়ী এমনটাই জানা গেছে। আজ সোমবার প্রকাশিত এই পরিসংখ্যান অনুযায়ী ৯৬৫ কোটি ডলারের রপ্তানি আয় আলোচ্য সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৫৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে শূন্য দশমিক ৯৭ শতাংশ কম।

ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, তৈরি পোশাকের রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হওয়ায় সামগ্রিকভাবে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে পোশাক খাতের (নিট ও ওভেন) রপ্তানি আয় দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ২৬ লাখ ডলার। এই আয় মোট পণ্য রপ্তানির ৮০ দশমিক ৩১ শতাংশ। অবশ্য আলোচ্য সময়ে পোশাকশিল্পের আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৮ দশমিক ২৮ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৭৫ শতাংশ কম।

আলোচ্য সময়ে নিট পোশাক থেকে সর্বোচ্চ ৪০৫ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। ওভেন পোশাক থেকে এসেছে ৩৬৯ কোটি ডলার। নিটে শূন্য দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি হলেও ওভেনে গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় কমে গেছে। প্রবৃদ্ধি হয়েছে ঋণাত্মক, ৪ দশমিক ৪০ শতাংশ।

অবশ্য পোশাক খাতের এই ঋণাত্মক প্রবৃদ্ধিকে ‘সাময়িক’ বলছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। গত জুন-জুলাইয়ের পর কার্যাদেশ কিছুটা কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে এখন আবার কার্যাদেশ পাচ্ছেন কারখানার মালিকেরা। বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, আগামী ফেব্রুয়ারি থেকে এর প্রতিফলন পাওয়া যাবে।

এদিকে তৈরি পোশাক খাত ভালো না করলেও চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আয় হয়েছে ৩৮ কোটি ৩৬ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ দশমিক ৭৩ শতাংশ কম হলেও গত অর্থবছরের চেয়ে ৬ দশমিক ১০ শতাংশ বেশি।
আর এই ৩৮ কোটির মধ্যে চামড়া থেকে ১৪, চামড়াজাত পণ্যে ৭ এবং পাদুকা থেকে এসেছে ১৬ কোটি ৯৪ লাখ ডলার।

অন্যদিকে পাট ও পাটজাত পণ্যে ২৬ কোটি, হিমায়িত খাদ্যে ২৪ কোটি, কৃষিজাত পণ্যে ২৩ কোটি, হোম টেক্সটাইলে ২৩ কোটি ৫৬ লাখ, বাইসাইকেলে ৪ কোটি, প্লাস্টিকে ৩ কোটি, প্রকৌশল পণ্যে ১৩ কোটি ৮৩ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে।

এদিকে শুধু গত অক্টোবরে ১৯৫ কোটি ডলার আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৭৮ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ৬৩ শতাংশ কম। গত সেপ্টেম্বরে আয় হয়েছিল ২৫৫ কোটি ডলার।

সবর্শেষ ২০১৩-১৪ অর্থবছরে ৩ হাজার ১৮ কোটি ডলার রপ্তানি আয় অর্জিত হয়। চলতি অর্থবছরে সব মিলিয়ে ৩ হাজার ৩২০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।