চার মাসে প্রবাসী আয় কমেছে ১৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আহসান এইচ মনসুর
আহসান এইচ মনসুর
বিশ্বপরিস্থিতির পাশাপাশি আমাদের দেশীয় কিছু কারণেও প্রবাসী আয় কমছে। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এটা সমন্বয় করতে হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসছে
আহসান এইচ মনসুর
নির্বাহী পরিচালক
পলিসি রিসার্চ ইনস্টিটিউট

মন্দা ভাব কাটছে না, বরং ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৪২৫ কোটি ৫৭ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় আসে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫০৩ কোটি ২০ লাখ ডলার। সে হিসেবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় কমেছে ৭৭ কোটি ৬৩ লাখ ডলার বা ১৫ দশমিক ৪২ শতাংশ।
যোগাযোগ করা হলে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘বিশ্বপরিস্থিতির পাশাপাশি আমাদের দেশীয় কিছু কারণেও প্রবাসী আয় কমছে। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে, এটা সমন্বয় করতে হুন্ডির মাধ্যমে প্রবাসী আয় আসছে।’
আহসান মনসুর আরও বলেন, প্রবাসী আয় বাড়াতে হলে অবৈধ অর্থ উপার্জন বন্ধ করতে হবে। এ জন্য সরকারকে উদ্যোগী হতে হবে। দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে হবে। তাহলেই পাচারের সঙ্গে হুন্ডিও কমবে, প্রবাসী আয় বাড়বে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্যমতে, চলতি অর্থবছরের অক্টোবরে প্রবাসীরা ১০১ কোটি ৯ লাখ ডলার পাঠিয়েছেন, যা গেল অর্থবছরের একই মাসের চেয়ে ৮ কোটি ৭৪ লাখ ডলার বা ৭ দশমিক ৯৬ শতাংশ কম। এ ছাড়া চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল ১০৫ কোটি ৫৬ লাখ ডলার, যা আগের বছরের সেপ্টেম্বর মাসে ছিল ১৩৪ কোটি ৯০ লাখ ডলার। আর আগস্ট মাসে প্রবাসী আয় আসে ১১৮ কোটি ৩৬ লাখ ডলার, যা আগের আগস্ট মাসে ছিল ১১৯ কোটি ৫০ লাখ ডলার। গত জুলাইয়ে প্রবাসী আয় আসে মাত্র ১০০ কোটি ৫৫ লাখ ডলার। অথচ আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১৩৮ কোটি ৯৫ লাখ ডলার। এভাবেই ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়ের পরিমাণ।
এদিকে প্রবাসী আয়প্রবাহের নিম্নমুখীনতার কারণে ধারাবাহিত পতনে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকও। সম্প্রতি কয়েক দফায় ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করেও কোনো অগ্রগতি হচ্ছে না। মূলত অবৈধ উপায়ে বৈদেশিক মুদ্রা দেশে আসায় ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় কমে যাচ্ছে। পাশাপাশি প্রবাসী আয় কমার কারণ হিসেবে জনশক্তি রপ্তানিতে ভাটা, অবৈধ পথে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন মুদ্রার দরপতন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যহ্রাস ও মধ্যপ্রাচ্যজুড়ে চলা রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অক্টোবরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২৪ কোটি ৩০ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৯০ লাখ ডলার, সোনালী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ৫০ লাখ ডলার ও জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ২০১৫-১৬ অর্থবছরে এর আগের অর্থবছরের তুলনায় প্রায় আড়াই শতাংশ কম প্রবাসী আয় আসে। গেল অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স আসে ১ হাজার ৪৯৩ কোটি ডলার। ২০১৪-১৫ অর্থবছরে যা ছিল ১ হাজার ৫৩১ কোটি ডলার। ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ৪২২ কোটি ডলার ও ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ৪৪৬ কোটি ডলার প্রবাসী আয় আসে।
প্রবাসী আয় কমার আরও কারণ হিসেবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, পাউন্ড, ইউরো, রিঙ্গিত, সিঙ্গাপুর ডলারসহ বিভিন্ন দেশের মুদ্রার মূল্যমান কমে গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দর কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকেও প্রবাসী আয় কমে গেছে।