চার মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি ৭৯ কোটি টাকা কমেছে
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) সঞ্চয়পত্র আর মেয়াদি বন্ডের নিট বা প্রকৃত বিক্রি কমে গেছে। আলোচ্য সময়ে সঞ্চয়পত্র ও মেয়াদি বন্ডের প্রকৃত বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ৭৯ কোটি টাকার কম বিক্রি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ ছিল মাত্র ৫১১ কোটি ৪৫ লাখ টাকা। আর ২০১১-১২ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৫৯০ কোটি ৮৩ লাখ টাকা। জাতীয় সঞ্চয় পরিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ের আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকের মেয়াদি আমানতের সুদের হার আর সঞ্চয়পত্রের সুদের হার বেশির ভাগ ক্ষেত্রে কাছাকাছি। এমনকি কিছু ক্ষেত্রে ব্যাংক সুদের হার বেশি হওয়ায় সঞ্চয়পত্রের বিক্রি কমেছে। এ ছাড়া উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যয় মেটাতে অনেকে সঞ্চয়পত্র ভেঙে সংসার চালাচ্ছেন। দুই ধরেই এমন চলছে। এসব কারণে চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যও কমিয়ে দিয়েছে সরকার। চলতি অর্থবছরে সরকার সঞ্চয়পত্র বিক্রি করে (নিট হিসাবে) মাত্র এক হাজার ৮০২ কোটি টাকা ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর ১৭ হাজার ৭১০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য রয়েছে। গত অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি নিট প্রাপ্তির লক্ষ্য ছিল ছয় হাজার কোটি টাকা। আর ২২ হাজার ৪০৫ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্য ছিল। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে সাত হাজার ৯৩৩ কোটি ৫৩ লাখ টাকার বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময় মূলধন উত্তোলন করা হয়েছে সাত হাজার ৪২২ কোটি আট লাখ টাকা। এর ফলে সরকারের প্রাপ্তি দাঁড়িয়েছে ৫১১ কোটি টাকা। গত অক্টোবর মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে মাত্র ৫৮ কোটি টাকা। অন্যদিকে গত বছরের অক্টোবর মাসে এর পরিমাণ ছিল ৯২ কোটি টাকা। আর গত সেপ্টেম্বর মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি ঋণাত্মক পর্যায়ে ছিল। এর মানে যে পরিমাণ সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল তারচেয়ে নয় কোটি টাকার বেশি মূলধন বা আগে বিক্রীত সঞ্চয়পত্রের মূল পরিশোধ করতে হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে এর পরিমাণ ছিল ৩৩৪ কোটি ৭৪ লাখ টাকা।