চার মুঠোফোন অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ
অবৈধ ভিওআইপির অভিযোগে বন্ধ হয়ে যাওয়া সিমের জমা থাকা অর্থ ফেরত না দেওয়ায় চার মোবাইল ফোন অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। চারটি অপারেটর হলো রবি, বাংলালিংক, টেলিটক ও সিটিসেল।
২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কারণে বন্ধ হয়ে যাওয়া সিমে জমা থাকা অর্থ জমা দিতে গত জানুয়ারিতে সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশ দেয় বিটিআরসি। নির্দেশনা মেনে শুধু গ্রামীণফোন গত মাসে ৯ কোটি লাখ ৩৬ লাখ টাকা জমা দেয়। অন্যরা তা না করায় চার অপারেটরের কাছে আলাদাভাবে নোটিশ পাঠিয়ে অর্থ জমা না দেওয়ার ব্যাখ্যা চেয়েছে বিটিআরসি। উত্তর দিতে রবি, বাংলালিংক, টেলিটক ও সিটিসেলকে সাত কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।
২৫ লাখ বন্ধ সিমের জন্য গ্রামীণফোনের জমা দেওয়া অর্থের মধ্যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ১০ শতাংশ কর হিসেবে ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার টাকা পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আর বাকি ৭ কোটি ৩২ লাখ টাকা সরাসরি বিটিআরসির হিসাবে জমা পড়েছে।