শনাক্তকরণের কাজে বাইরের জনবল নিয়োগ
চার লাখ নতুন করদাতাকে করের আওতায় আনার কাজ শুরু করেছে এনবিআর
আগামী জুন মাসের মধ্যে চার লাখ নতুন করদাতাকে আয়করের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার বাইরের জনবল নিয়োগের মাধ্যমে নতুন করদাতা শনাক্তকরণের এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।এনবিআরের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংস্থাটির চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, চলতি বছরের বাজেটে ঘোষণা অনুযায়ী নতুন করদাতা শনাক্তকরণে সর্বাত্মক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কিন্তু কাজটি সুসম্পন্ন করার জন্য এনবিআরের পর্যাপ্ত জনবলের অভাব রয়েছে। এ অবস্থায় নতুন করদাতা শনাক্তকরণের জন্য যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা দ্য ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ডিএফআইডি) আর্থিক সহযোগিতায় বাইরের জনবল নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড ও এক্সপ্রেশনস লিমিটেড নামে দুটি বেসরকারি প্রতিষ্ঠানও এ কাজে সহযোগিতা করছে। এর মধ্যে ওআরজি-কোয়েস্ট জনবল নিয়োগ ও এক্সপ্রেশনস লিমিটেড সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবে।এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় বাজেট অর্থায়নে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ভূমিকা অনস্বীকার্য। খোলাবাজার অর্থনীতি ও বিশ্বায়নের প্রেক্ষাপটে প্রত্যক্ষ কর হিসেবে আয়করের তাত্পর্য দিন দিন বাড়ছে। বাংলাদেশের মতো উন্নয়নকামী অর্থনীতিতে এর গুরুত্ব আরও ব্যাপক। কারণ দেশটিতে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) তুলনায় কর আদায়ের পরিমাণ বিশ্ব তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। এর অভিঘাত জাতীয় অর্থনীতির জন্য শুভ নয়। তাই স্বাবলম্বী অর্থনীতির জন্য প্রত্যক্ষ করের অধিক্ষেত্র সম্প্রসারণ অপরিহার্য।অনুষ্ঠানে জানানো হয়, ওআরজি-কোয়েস্ট শনাক্তকরণের কাজটি করার জন্য ১২০ জন তরুণ-তরুণীকে নিয়োগ দিয়েছে। এদের মধ্যে ১০০ জন ছোট ছোট দলে বিভক্ত হয়ে নির্ধারিত বিভিন্ন এলাকায় তথ্য সংগ্রহের কাজ করবে। এলাকাগুলো হলো: উত্তরখান, দক্ষিণখান, নর্দা, গাজীপুর, টঙ্গী, সাভার, দোহার ও কেরানীগঞ্জ। বাকি ২০ জনের ১০ জন সুপারভাইজার হিসেবে অন্যদের কর্মকাণ্ড পরিবীক্ষণ করবেন এবং অপর ১০ জন মাঠপর্যায় থেকে সংগৃহীত তথ্য কম্পিউটারে সংরক্ষণ করবেন। আর এসব এলাকার দায়িত্বপ্রাপ্ত কর কমিশনাররা (কর অঞ্চল-১, ২, ৪ ও ৭) যাবতীয় কর্মকাণ্ডের তত্ত্বাবধান করবেন। ১ মার্চ থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে তিন মাসব্যাপী চলবে।অনুষ্ঠানে এনবিআরের সদস্য আমিনুর রহমান, বশির উদ্দিন, সৈয়দ আমিনুর করিম, শম্ভুনাথ দাস ও এক্সপ্রেশনস লিমিটেডের চেয়ারম্যান রামেন্দু মজুমদার উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরের প্রথম সাত (জুলাই-জানুয়ারি) মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৩১ হাজার ১২৫ কোটি ৯২ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৯৭ শতাংশ। তবে গত বছরের একই সময়ের চেয়ে এ ক্ষেত্রে ১৬ দশমিক ২৩ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়েছে।