চার শিল্প গ্রুপের হাত ধরে আবার সুদিন জাহাজে
গত দুই বছরে দেশ থেকে কোনো সমুদ্রগামী জাহাজ রপ্তানি হয়নি। ফলে এ সময়ে ‘জাহাজ’ নির্মাণ খাত থেকে রপ্তানি আয় বলতে গেলে শূন্যই ছিল। উদীয়মান খাতটির এমন দুঃসংবাদ পাশে ঠেলে এবার নতুন নতুন জাহাজ তৈরি করে এই খাতের সুদিন ফেরাতে হাল ধরেছে বড় বড় শিল্প গ্রুপ। দেশের সমুদ্র উপকূলীয় নৌপথে বড় বড় শিল্পগোষ্ঠীর হাত ধরে নামছে একের পর এক জাহাজ। তাতে এক থেকে দেড় হাজার টনের পণ্যবাহী জাহাজের জায়গা দখল করে নিচ্ছে তিন থেকে পাঁচ হাজার টনের পণ্যবাহী জাহাজ। এসব জাহাজে করেই বন্দর থেকে আমদানি পণ্য সাগর উপকূল ও নদীপথ পেরিয়ে প্রতিষ্ঠানগুলোর নিজস্ব কারখানা-গুদামে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মান সনদধারী জাহাজ নির্মাণ করেই বিশ্বে আবারও মাথা তুলে দাঁড়াচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জাহাজ নির্মাণশিল্পে পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশ ১৩ ধাপ এগিয়ে ১৪ নম্বরে উন্নীত হয়েছে। পেছনে ফেলে দিয়েছে পাঁচ বছর আগে বাংলাদেশের ওপরে থাকা যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর, স্পেন ও রোমানিয়া, মালয়েশিয়া, নরওয়ে, ইন্দোনেশিয়ার মতো দেশকে। ২০২০ সালে বৈশ্বিক মান সনদধারী জাহাজ নির্মাণের তথ্য ব্যবহার করে এই হিসাব করেছে সংস্থাটি।
বৈশ্বিক তালিকায় বাংলাদেশের এই সাফল্য এনেছে বড় শিল্প গ্রুপগুলো, যাদের মধ্যে রয়েছে, মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, টিকে-সীকমের যৌথ বিনিয়োগের ডেলটা শিপইয়ার্ডের মতো প্রতিষ্ঠান। জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ পরিকল্পনায় এগিয়ে আসছে আকিজ গ্রুপও। জাহাজ নির্মাণের জন্য সহযোগী প্রতিষ্ঠানও গঠন করেছে গ্রুপটি। এখন প্রকল্প এলাকা বাছাই করছে তারা।
জাহাজ নির্মাণ খাতে বড় গ্রুপের বিনিয়োগের নেপথ্যে আছে অভ্যন্তরীণ নৌপথে নিজেদের আমদানি করা পণ্য পরিবহন। এসব বড় শিল্প গ্রুপ বছরে বিপুল পরিমাণ শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য আমদানি করছে। বিদেশের বন্দর থেকে দেশের বন্দরে পণ্য আনার জন্য তারা আগেই বড় জাহাজ আমদানি করে নিজেরাই পরিচালনা করছে। এখন বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে নিজেদের গুদামে বা কারখানায় কাঁচামাল ও পণ্য আনা-নেওয়ার জন্য আন্তর্জাতিক মান সনদপ্রাপ্ত জাহাজ বানাচ্ছে। পণ্য পরিবহন খরচ কমাতেই জাহাজ নির্মাণে এই বিপুল বিনিয়োগ শিল্প গ্রুপগুলোর।
জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের সুফল অনেক বেশি। জাহাজ আমদানি কমে আসায় বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। দেশে কর্মসংস্থান হচ্ছে। আবার আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করে সামনে জাহাজ রপ্তানির জন্য নিজেদের প্রস্তুত করছেন উদ্যোক্তারা, যাঁদের ভারী শিল্পে বিনিয়োগের সক্ষমতা অনেক বেশি।
আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের সংখ্যা বাড়ছে
জাহাজ নির্মাণে আন্তর্জাতিক মান অনুসরণ হচ্ছে কি না, তা প্রতিটি ধাপে তত্ত্বাবধান করে সনদ দেয় আন্তর্জাতিক ক্ল্যাসিফিকেশন সোসাইটির সদস্যভুক্ত ১২টি প্রতিষ্ঠান। একসময় দেশে শুধু রপ্তানিযোগ্য জাহাজই আন্তর্জাতিক মান তত্ত্বাবধানকারী সংস্থার অধীনে তৈরি হতো। সাত বছর আগেও ভারতের সঙ্গে বাংলাদেশের উপকূলীয় বাণিজ্যের জন্য আন্তর্জাতিক মান সনদপ্রাপ্ত কোনো জাহাজ খুঁজে পায়নি সমুদ্র পরিবহন অধিদপ্তর। যে ২২টি জাহাজ বাছাই করেছিল সমুদ্র পরিবহন অধিদপ্তর, তার কোনোটিরই আন্তর্জাতিক মান সনদ ছিল না। এখন এই ধরনের জাহাজের সংখ্যা অনেক।
দেশে এখন পর্যন্ত ব্যুরো ভেরিতাস, রিনা ও আইআরএস ক্লাসের তত্ত্বাবধানে উপকূলীয় এলাকায় চলাচলকারী জাহাজ নির্মিত হয়েছে। আন্তর্জাতিক মান অনুযায়ী, সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলের জন্য এসব জাহাজের উপযুক্ত কারিগরি ও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। দেশে এসব জাহাজ নির্মাণের অনুমতি ও নিবন্ধন দেয় চট্টগ্রামের নৌ বাণিজ্য কার্যালয়। নৌ বাণিজ্য কার্যালয়ের তথ্য অনুযায়ী,গত তিন বছরে দেশে পণ্য পরিবহনের আন্তর্জাতিক মান সনদপ্রাপ্ত জাহাজের সংখ্যা বাড়ছে। এ সময়ে এলপিজি, জ্বালানি ও ভোজ্যতেল, সাধারণ পণ্য ও কনটেইনার পরিবহনের ৭০টির বেশি জাহাজ নির্মিত হয়েছে। নির্মাণাধীন আছে আরও ৩০টি জাহাজ।
সরকারি এই সংস্থা জানায়, আন্তর্জাতিক মান সনদ মেনে জাহাজ নির্মাণের অনুমোদিত কারখানার সংখ্যাও বাড়ছে। বছর পাঁচেক আগেও এই সংখ্যা ছিল ১০টি। এখন তা বেড়ে ১৫টিতে উন্নীত হয়েছে।
এগিয়ে এসেছে বড় বড় শিল্প গ্রুপ
চট্টগ্রামের চর মোহরা এলাকায় কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা জাহাজ নির্মাণ কারখানা ডেলটা শিপইয়ার্ড। গত শনিবার দুপুরে কারখানায় ঢোকার মুখে দেখা গেল শ্রমিকদের কর্মব্যস্ততা। নির্মাণাধীন দুটি জাহাজ ঘিরেই চলছে এই কর্মব্যস্ততা। চট্টগ্রামের টিকে ও সীকম গ্রুপ যৌথ বিনিয়োগে ছয় বছর আগে এই কারখানা গড়ে তুলেছে। দেশীয় মানের জাহাজ নির্মাণ দিয়ে যাত্রা শুরু করা ইয়ার্ডটি মাত্র দুই বছরের ব্যবধানে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ শুরু করে। আন্তর্জাতিক মানের নির্মাণাধীন দুটি জাহাজ ছাড়াও এ পর্যন্ত সাতটি জাহাজ নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এলপিজি পরিবহনের মতো বিশেষায়িত ও উচ্চ কারিগরি মানসম্পন্ন জাহাজ নির্মাণে খুব বেশি সময় নেয়নি এই ইয়ার্ড। এই ইয়ার্ড প্রথমবারের মতো এলপিজি ট্যাংকও ফেব্রিকেশন করেছে, যেটি আগে সরাসরি আমদানি করে জাহাজে বসানো হতো।
জানতে চাইলে ডেলটা শিপইয়ার্ড ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ নৌপথে ছোট জাহাজের পরিবর্তে ধীরে ধীরে জায়গা করে নেবে তিন থেকে পাঁচ হাজার টনের পণ্য পরিবহনে সক্ষম জাহাজ। আন্তর্জাতিক মান সনদধারী এসব জাহাজ দিয়ে ভারত ও মিয়ানমার থেকেও পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এ কারণে এ ধরনের জাহাজ নির্মাণ বাড়ছে।
বড় শিল্প গ্রুপের মধ্যে এখন পর্যন্ত আন্তর্জাতিক মানের সবচেয়ে বেশি জাহাজ নির্মাণ করেছে মেঘনা গ্রুপ। গ্রুপটি জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগ শুরু করে ২০০৮ সালে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাটে গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান মেঘনা শিপইয়ার্ড অ্যান্ড ডকইয়ার্ডে এ পর্যন্ত ৪৫টি ক্লাস ভ্যাসেল বা উপকূলীয় এলাকায় চলাচলকারী জাহাজ নির্মাণ করেছে। এর মধ্যে গত তিন বছরেই নির্মাণ করেছে ২২টি। সর্বোচ্চ ৫ হাজার টন পণ্য পরিবহনক্ষমতার জাহাজ নির্মাণে সক্ষমতা দেখিয়েছে গ্রুপটি। সাধারণ পণ্যবাহী জাহাজের মতো এলপিজি পরিবহনের জন্য বিশেষায়িত জাহাজ নির্মাণেও দক্ষতা দেখিয়েছে এই গ্রুপ।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘বন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে কারখানা বা গুদামে কাঁচামাল পরিবহনে লাইটার জাহাজের চেয়ে বড় জাহাজ দরকার। কারণ, যেভাবে পণ্য পরিবহন বাড়ছে, তাতে ছোট জাহাজে তা সামাল দেওয়া সম্ভব নয়। এ জন্যই তুলনামূলক বড় জাহাজ নির্মাণে বড় অঙ্কের বিনিয়োগ করেছি। নিজেদের চাহিদা পূরণ শেষে জাহাজ রপ্তানির পরিকল্পনা রয়েছে আমাদের।’
জাহাজ নির্মাণে এগিয়ে এসেছে সিটি গ্রুপও। গ্রুপটি হোসেন্দী অর্থনৈতিক অঞ্চলে জাহাজ নির্মাণ কারখানায় বিনিয়োগ করে ২০১৫ সালে। এক বছর পর তাতে জাহাজ নির্মাণ শুরু হয়। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত ৩ বছরে গ্রুপটি ৩৬টি জাহাজ নির্মাণ করে পানিতে ভাসিয়েছে। এ বছর নামছে আরও তিনটি।
জানতে চাইলে সিটি গ্রুপের উপদেষ্টা পবন চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দর থেকে কারখানায় কাঁচামাল পরিবহনের জন্য সিটি গ্রুপের আরও অন্তত ৭০টি জাহাজ দরকার। আগামী কয়েক বছরে নিজস্ব কারখানায় এসব জাহাজ তৈরি হবে।
বসুন্ধরা গ্রুপ একসময় জাহাজ আমদানি করে অভ্যন্তরীণ নৌপথে নিজেদের পণ্য পরিবহন করত। দৃশ্যপট পাল্টে গেছে কয়েক বছরে। গত তিন বছরে গ্রুপটি আটটি তেল পরিবহনকারী জাহাজ নির্মাণ করেছে। নির্মাণ শেষ হয়েছে আরও তিনটির। দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কারখানায় নির্মাণকাজ চলছে আরও আটটির। এই ৮টির প্রতিটি ৪ হাজার ৮০০ টন পণ্য পরিবহনক্ষমতার।
শুরুতে বড় গ্রুপের কাছে জাহাজ সরবরাহ করেছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের জাহাজ নির্মাণ কারখানা রেডিয়েন্ট শিপইয়ার্ড লিমিটেড। এ পর্যন্ত এই কারখানায় এলপিজি পরিবহনের ছোট আকারের সাতটি জাহাজ নির্মিত হয়েছে। সব মিলিয়ে এলপিজি, তেল ও পণ্য পরিবহনের ২০টি জাহাজ নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। ৩ বছরে ১১টি জাহাজ নির্মাণ করেছে তারা।
রেডিয়েন্ট শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আলাউদ্দিন প্রথম আলোকে জানান, তাঁরা এলপিজি পরিবহনের যেসব জাহাজ বানাচ্ছেন, সেগুলো একসময় আমদানি হতো। এখন দেশেই এসব জাহাজ নির্মিত হচ্ছে।
আমদানি কমছে
তিন থেকে পাঁচ হাজার টনের পণ্য পরিবহনক্ষমতার জাহাজ একসময় আমদানি হতো। এই ধরনের জাহাজের আমদানি এখন কমে আসছে। ২০১৮ সালে ১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারে ৫টি জাহাজ আমদানি হয়েছিল। ২০১৯ সালে তা কমে দাঁড়ায় দুটিতে। ব্যয় হয় ৬১ লাখ ডলার। ২০২০ সালে তা নেমে আসে একটিতে। একইভাবে কনটেইনার জাহাজ ও এলপিজি পণ্য পরিবহনের জাহাজ আমদানিও এখন কম।
নৌ বাণিজ্য কার্যালয়ের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, সমুদ্র উপকূলীয় এলাকায় চলাচলকারী যেসব জাহাজ নিবন্ধিত হচ্ছে, সেগুলো এখন মূলত দেশীয় জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হচ্ছে। এখন আগের মতো আর আমদানি করতে হচ্ছে না।
দেশে তৈরি হয়েছে বড় বাজার
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়তে থাকায় সমুদ্রপথে পণ্য আমদানি বাড়ছে। পাথর আমদানির কথাই ধরা যাক। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে এই পণ্য আমদানি শুরু হয় ২০১৬ সালে। গত অর্থবছরে এই পণ্যের আমদানি কোটি টনে উন্নীত হয়েছে। সিমেন্ট শিল্পের পাঁচটি উপকরণ আসছে সমুদ্রপথেই। বছরে এর পরিমাণ প্রায় চার কোটি টনের বেশি। বছরে এলপিজি আমদানি হচ্ছে ১৩ লাখ টনের মতো। এ ছাড়া কয়লা, ভোগ্যপণ্য আমদানি বাড়ছে সমুদ্রপথে। গত অর্থবছরে উপকূলীয় ও সমুদ্রপথে আমদানি হয়েছে ১২ কোটি টন পণ্য।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে উৎপাদনমুখী কারখানার কাঁচামাল আমদানি যেভাবে বাড়ছে, তাতে প্রতিবছর শতাধিক জাহাজ দরকার। জাহাজের এ বাজার বছরে প্রায় তিন হাজার কোটি টাকার। এর বাইরে সাহায্যকারী জলযানসহ বিশেষায়িত জাহাজের বাজারও অনেক বড়।
উদ্যোক্তারা বলছেন, দেশে এখন ছোট আকারের চার হাজারের মতো লাইটার জাহাজ রয়েছে। এসব জাহাজের পণ্য পরিবহনক্ষমতা গড়ে ১ হাজার ২০০ টনের মতো। খরচ সাশ্রয় করতে এখন উদ্যোক্তারা তিন থেকে সাড়ে তিন হাজার টন পণ্য পরিবহনক্ষমতার জাহাজ নির্মাণে ঝুঁকছেন। ঢাকা-চট্টগ্রাম নৌপথের গভীরতা অনুযায়ী, এখন তিন থেকে সাড়ে তিন হাজার টন পণ্য পরিবহনকারী জাহাজ চলতে পারে । তাতে ধীরে ধীরে প্রধান নৌপথে ছোট জাহাজগুলোর জায়গা দখল করবে তিন থেকে সাড়ে তিন হাজার টন পণ্য পরিবহনে সক্ষম জাহাজ।
আছে চ্যালেঞ্জও
জাহাজ নির্মাণে দেশে দক্ষ জনবল রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শ্রমও তুলনামূলক সস্তা। তবে জাহাজ নির্মাণের পশ্চাৎসংযোগ শিল্প গড়ে না ওঠায় সিংহভাগ কাঁচামাল আমদানি করতে হয়। বিশ্ববাজারে জাহাজ নির্মাণের উপকরণের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এতে এই শিল্প চ্যালেঞ্জের মুখে পড়েছে।
উদ্যোক্তারা জানান, জাহাজ নির্মাণে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় লোহার প্লেট। বছর দেড় আগেও টনপ্রতি লোহার প্লেটের দাম ছিল ৫৫০ মার্কিন ডলার। এখন তা বেড়ে হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ ডলার। দাম বেড়ে যাওয়ায় এখন অনেক জাহাজ নির্মাণ কারখানা ধীরগতিতে এগোচ্ছে। আবার জাহাজের নকশা তৈরির পর থেকে সে অনুযায়ী আমদানি করে সময়মতো প্লেট হাতে পাওয়া বড় চ্যালেঞ্জ। সময়মতো আমদানি করা না গেলে জাহাজ নির্মাণে দেরি হয়। তাতে খরচ বেড়ে যায়।
টিকে থাকার লড়াইয়ে রপ্তানিকারকেরা
২০২০ সালের ১০ জানুয়ারি বাংলাদেশ থেকে সর্বশেষ দুটি জাহাজ রপ্তানি হয়। ভারতের ‘জিন্দাল স্টিল ওয়ার্কস’ নামের প্রতিষ্ঠানের কাছে জাহাজ দুটি রপ্তানি করে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এই দুটি জাহাজ ছিল বাংলাদেশে নির্মিত সবচেয়ে বড় জাহাজ। দুটি জাহাজই আট হাজার টন পণ্য পরিবহনক্ষমতার। এরপর দুই বছরে কোনো জাহাজ রপ্তানি হয়নি।
বাংলাদেশ থেকে প্রথম সমুদ্রগামী জাহাজ রপ্তানির পথ দেখায় ঢাকার আনন্দ শিপইয়ার্ড। ২০০৮ সালে ডেনমার্কে ৫২ লাখ ডলারে স্টেলা মেরিস নামের একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে তারা। এরপর এই তালিকায় যুক্ত হয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সর্বোচ্চ আট হাজার টন পণ্য পরিবহনক্ষমতার জাহাজ বানিয়েছে ওয়েস্টার্ন মেরিন। তবে নানা কারণে রপ্তানিতে পথ দেখানো প্রতিষ্ঠান দুটির এখন দুঃসময় চলছে। তাই দেশীয় বাজারে এখন নজর তাদের। টিকে থাকার লড়াইয়ে আছে রপ্তানিকারক প্রতিষ্ঠান দুটি।
উপকূলে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের তাগিদ
পটুয়াখালীর পায়রা বন্দরের পাশে ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ড গ্রুপ সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক জেন্টিয়াম সলিউশনের সঙ্গে যৌথভাবে জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে প্রস্তাব দিয়েছে। তারা ১৫৮ কোটি ডলার বা ১৩ হাজার ৪৩০ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে।
বাংলাদেশ সস্তা শ্রম আর সম্ভাবনাকে পুঁজি করে বিদেশিরা এখন জাহাজ নির্মাণ করতে চায়। সমুদ্র উপকূলীয় এলাকায় বড় জাহাজ নির্মাণের বিনিয়োগ প্রস্তাব দেশীয় উদ্যোক্তাদেরও ভাবনা জাগিয়েছে। বড় কয়েকটি গ্রুপ উপকূলীয় এলাকায় এই শিল্প গড়ে তোলার চিন্তাভাবনা করছে।
বর্তমানে বাংলাদেশে জাহাজ নির্মাণ কারখানাগুলো নদীর তীরে অবস্থিত। নদীর উপকূলে বড় জাহাজ বানানো সম্ভব নয়। এ জন্য সাগর উপকূলে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জাহাজ নির্মাণে আমাদের ঐতিহ্য আছে। খাতটি সম্ভাবনাময়ও। বড় শিল্প গ্রুপগুলোর এই খাতে বিনিয়োগ দেশের জন্য খুবই ইতিবাচক।’ সম্ভাবনাময় খাতটিতে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নদীর তীরের চেয়ে সাগর উপকূলে এই শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা গেলে বড় জাহাজ নির্মাণও সম্ভব হবে। কারণ, অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ শেষে রপ্তানি বাজারে যেতে হবে। সে জন্য আমাদের বড় জাহাজও বানাতে হবে।’
মোস্তাফিজুর রহমান আরও বলেন, ভারতের সঙ্গে নৌ চুক্তি হয়েছে। তাতে অভ্যন্তরীণ নৌপথে পণ্য পরিবহনের পাশাপাশি ভারতে পণ্য পরিবহনের বড় অংশীদার হতে পারবে বাংলাদেশ। তাই এই খাতে ঋণ সহায়তাসহ সরকারের বিশেষ নজর দেওয়া উচিত।