চার শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে নেওয়া ঘুষ ফেরত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগদ প্রণোদনার অর্থ ফেরত নেওয়ার হুমকি দিয়ে চারটি শিল্পপ্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন স্থানীয় রাজস্ব নিরীক্ষা (অডিট) অধিদপ্তরের কর্মকর্তা।
তবে ঘুষের অর্থ ফেরত দিয়েছে অগ্রণী ব্যাংকের নারায়ণগঞ্জ কোর্ট রোড শাখা।
জানা গেছে, গত বুধবার মো. শরীফ নামের এই কর্মকর্তার নেতৃত্বে রাজস্ব নিরীক্ষা অধিদপ্তরের একটি দল নারায়ণগঞ্জ অগ্রণী ব্যাংক কোর্ট রোড শাখায় তদন্তে আসে।
সেখানে নির্দিষ্ট সময়ে আবেদন না করায় নগদ প্রণোদনা নেওয়া চারটি রপ্তানিমুখী পোশাক কারখানার (কৃষ্ণচূড়া ফ্যাশন, নিট গার্ডেন, অলরাউন্ড নিট লিমিটেড এবং নেক্সট ডিজাইন লিমিটেড) কাছ থেকে দুই কোটি পাঁচ লাখ টাকা ফেরত নেওয়ার জন্য ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার কর্মকর্তাদের চাপ দেন ওই নিরীক্ষা কর্মকর্তা। তিনি ব্যবসায়ীদেরও চাপ দেন।
একপর্যায়ে ৩০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বিষয়টি রফা করে দেওয়ার কথা বলা হয়।
পরে ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবদুল কাদির গত রোববার ওই ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বাবদ ২৪ লাখ ২৮ হাজার টাকা সংগ্রহ করে স্থানীয় রাজস্ব অধিদপ্তরের নিরীক্ষা দলের কর্মকর্তা শরীফের কাছে তুলে দেন।
কিন্তু বিষয়টি বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিক সমিতির (বিকেএমইএ) নেতাদের অবহিত করার পর তাঁরা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।
ব্যাংক কর্তৃপক্ষও বিষয়টির সত্যতা স্বীকার করে ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন।
এরপর গতকাল মঙ্গলবার দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অগ্রণী ব্যাংকের কার্যালয়ে বিকেএমইএর নেতাদের কাছে ঘুষের টাকা ফেরত দেন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মো. রুহুল আমিন।
এ সময় বিকেএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাতেম, ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অন্যরা উপস্থিত ছিলেন।