মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ বা ডিমিউচুয়ালাইজেশন-পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদের জন্য চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে ছয়জন প্রার্থীর মধ্যে চারজন বিজয়ী হন। প্রাপ্ত ভোটের ক্রম অনুসারে বিজয়ীরা হলেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী (১৮৪), বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান (১৫২), সাবেক পরিচালক খাজা গোলাম রসুল (১৪৭) ও বর্তমান পরিচালক শরীফ আনোয়ার হোসেন (১৪০)।
রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এতে ২৪২ জন ভোটারের মধ্যে ২১৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে ত্রুটি থাকায় গণনাকালে চারটি ভোট বাতিল বলে ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে ২১৩ ভোটেই নির্ধারিত হয় বিজয়ীদের ভাগ্য। গণনা শেষে সন্ধ্যা ছয়টায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান শামসুল হক বিজয়ীদের নাম ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী পরাজিত দুই প্রার্থী হলেন বর্তমান পরিচালক আহমেদ রশীদ ও সাবেক পরিচালক লাইলুন নাহার।
ডিমিউচুয়ালাইজেশনের পর নতুন পর্ষদই হবে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের প্রথম পূর্ণাঙ্গ পর্ষদ। ১৩ সদস্যের এই পর্ষদে সাতজনই থাকবেন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারীদের মধ্য থেকে গতকালের নির্বাচনে বিজয়ী চারজন হবেন শেয়ারধারী পরিচালক। আর কৌশলগত বা স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীদের মধ্য থেকেও একজন পরিচালক থাকবেন। বর্তমানে এই পদটি শূন্য রয়েছে। এ ছাড়া পদাধিকারবলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পর্ষদ সদস্য থাকবেন। এ নিয়ে গঠিত হবে নতুন পর্ষদ।
নতুন পর্ষদের সাতজন স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য এরই মধ্যে ১৪ জনের একটি নামের তালিকা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এই ১৪ জন থেকে বিএসইসি সাতজনকে অনুমোদন দেবে। এঁদের মধ্য থেকেই পরবর্তী সময়ে ডিএসইর সভাপতি নির্বাচিত হবেন।
জানা গেছে, দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালকদের যে তালিকা দেওয়া হয়েছে, তাতেও শেয়ারবাজারের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট একাধিক ব্যক্তির নাম রয়েছে। বিএসইসি সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তালিকায় এমন একজনের নাম রয়েছে, যিনি লেনদেনের সনদধারী (ট্রেকহোল্ডার) একটি প্রতিষ্ঠানের সম্পদ মূল্যায়নের সঙ্গে যুক্ত। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের তালিকায় এমন একাধিক নাম রয়েছে, যাঁদের মধ্যে একজনের অভিজ্ঞতার ঘাটতি আর অন্যজনের বাজারে বড় ধরনের বিনিয়োগ রয়েছে।
বিএসইসির একটি সূত্র জানায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী শেয়ারবাজারের কোনো বিনিয়োগকারীর পরিচালক হওয়ার নিষেধাজ্ঞার বিষয়টি উল্লেখ না থাকলেও এটি নৈতিকতাবিরোধী এবং এসব ক্ষেত্রে স্বার্থের বিষয় জড়িত থাকে।
এদিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ডিএসইর বার্ষিক সাধারণ সভা বা এজিএম। সভায় নতুন নির্বাচিত পরিচালকদের অন্তর্ভুক্ত ও নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন অনুমোদনের কথা রয়েছে।