চার সাধারণ বিমা কোম্পানির সাত ব্যবস্থাপককে জরিমানা
বাকিতে ব্যবসা করায় চার সাধারণ বিমা কোম্পানির সাতজন শাখা ব্যবস্থাপককে জরিমানা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কোম্পানিগুলো হচ্ছে: সিটি জেনারেল ইনস্যুরেন্স, ফেডারেল ইনস্যুরেন্স, পিপলস ইনস্যুরেন্স ও নর্দান ইনস্যুরেন্স।আইডিআরএর কার্যালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত এক শুনানিতে ফেডারেল ইনস্যুরেন্সের চট্টগ্রামের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক এম মোয়াজ্জেম হোসেন ও রমনা শাখার ব্যবস্থাপক কাজী আরিফুর রহমান; পিপলস ইনস্যুরেন্সের চট্টগ্রামের জুবিলি রোড শাখার ব্যবস্থাপক জি এম সারওয়ারুল আলম; নর্দান ইনস্যুরেন্সের রাজধানীর বংশাল শাখার ব্যবস্থাপক মো. মাসুদ রানা ও পুরানা পল্টন শাখার ব্যবস্থাপক আবদুল জব্বার মৃধাকে জরিমানা করা হয়। আগের দিন রোববার জরিমানা করা হয় সিটি জেনারেল ইনস্যুরেন্সের দিলকুশা কার্যালয়ের ব্যবস্থাপক মো. মঈন উদ্দিন খন্দকার ও স্থানীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সৈয়দ মঈদুল হোসেনকে। সাতজনের প্রত্যেককেই ৫০ হাজার টাকা করে ব্যক্তিগতভাবে জরিমানা দিতে হবে। অর্থাৎ কোম্পানির তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না। জানা গেছে, গ্রাহকদের সুবিধা দেওয়ার কথা বলে শাখা ব্যবস্থাপকেরা নিজেদের মতো করে বাকিতে ব্যবসা করেন, যা প্রকৃতপক্ষে কোম্পানিরই ক্ষতি। আর সে কারণেই জরিমানার টাকা শাখা ব্যবস্থাপকদের নিজের পকেট থেকে দেওয়ার কথা বলা হয়েছে। আইডিআরএর বিভিন্ন পরিদর্শক দল গত এপ্রিল-মে মাসের বিভিন্ন সময়ে কোম্পানিগুলোর শাখায় গিয়ে টাকা জমা দেওয়ার রসিদ ও ব্যাংক হিসাব পরীক্ষা করে বাকিতে ব্যবসার প্রমাণ পায়। এরপর তাদের শুনানিতে ডাকা হলেঅভিযুক্ত ব্যবস্থাপকেরা এতে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।