চার সেবা খাত যুক্ত হচ্ছে জিডিপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদন (জিডিপি) পরিমাপে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, সাজসজ্জা ও নিয়োগ সংস্থার সেবা থেকে প্রাপ্ত প্রকৃত মূল্য সংযোজন বাদ পড়ে যাচ্ছে। অথচ এসব সেবার মূল্য সংযোজন করতে পারলে চলতি অর্থবছর জিডিপির আকার দশমিক ৫২ শতাংশ বাড়বে। আর জিডিপি নির্ণয়ে আবাসন, ভাড়া ও ব্যবসায় কার্যক্রম খাতের আকার বাড়বে ৭ দশমিক শূন্য ৭ শতাংশ।ব্যবসায় সেবা প্রতিষ্ঠান জরিপের প্রাথমিক ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই জরিপ পরিচালনা করে।এই জরিপ করা হয়েছে চার ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানের সেবা বিবেচনায় নিয়ে। এগুলো হলো: নিরাপত্তা (সিকিউরিটি এজেন্সি), পরিচ্ছন্নতা (ক্লিনিং ও সুইপিং), সাজসজ্জা (ডেকোরেটর) ও নিয়োগ প্রতিষ্ঠান (রিক্রুটিং এজেন্সি)। এ ধরনের ব্যবসার প্রসার আগে না থাকায় এত দিন এসব প্রতিষ্ঠানের মূল্য সংযোজনের প্রকৃত চিত্র জিডিপিতে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে এসব সেবা যাতে জিডিপিতে অন্তর্ভুক্ত করা যায়, সে জন্য বিবিএস এই চার খাতের ওপর জরিপ চালিয়েছে।জরিপের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ২০১০-১১ অর্থবছরের জিডিপিতে এই চার খাত প্রায় তিন হাজার ৮৫৬ কোটি টাকার সমপরিমাণ মূল্য সংযোজন করেছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল প্রায় তিন হাজার ২২৮ কোটি টাকা।প্রাথমিক ফলাফলে আরও জানা গেছে, এই চার সেবা খাতে সারা দেশে মোট ১৮ হাজার ৯৩১টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৮ হাজার ১১টি সাজসজ্জার প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া ৪১৪টি নিয়োগ প্রতিষ্ঠান, ৪৮৬টি নিরাপত্তা সেবা প্রতিষ্ঠান ও ২০টি পরিচ্ছন্নতা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রয়েছে। এগুলো থেকে নমুনা হিসেবে এক হাজার ৯৯৪টি প্রতিষ্ঠানকে জরিপের আওতায় আনা হয়েছে।জরিপ কর্মসূচির পরিচালক এ কে এম আশরাফুল হক প্রথম আলোকে বলেন, ‘জিডিপি নির্ণয়ে এত দিন চারটি খাতের প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব হয়নি। কিন্তু এই চার ধরনের ব্যবসার প্রসার ঘটছে। এই জরিপের মাধ্যমে ক্রম সম্প্রসারিত এই চার খাতের প্রকৃত চিত্র উঠে এসেছে। আগামী দিনে জিডিপির আকার নির্ধারণে এই চার খাত বিশেষ ভূমিকা রাখবে।’প্রসঙ্গত, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, রিভিশন-৪-এর আওতায় ২১টি খাতের মূল্য সংযোজন দিয়ে জিডিপির আকার নির্ধারণ করা হয়। আর জরিপে থাকা চারটি ব্যবসা আছে ‘আবাসন, ভাড়া ও ব্যবসায় কার্যক্রম’ খাতের আওতায়।সাজসজ্জা সেবা: নব্বইয়ের দশকের শুরু থেকে সারা দেশে সাজসজ্জা বা ডেকোরেটর সেবার বিস্তার বাড়ছে। সেবা খাতের এই ব্যবসা এখন পাড়া-মহল্লা পর্যন্ত প্রসারিত। এই খাতে বর্তমানে এক লাখ ১১ হাজার লোক কাজ করে। এর মধ্যে নারী কর্মী পাঁচ হাজার ৫৩৪ জন। ডেকোরেটর প্রতিষ্ঠানগুলোর কর্মীর গড় বেতন মাসে দুই হাজার ৮৮৩ টাকা। আর এই খাতে সম্পদের পরিমাণ ৮৪০ কোটি টাকা। রাজধানীতেই পাঁচ হাজার ৫০২টি ডেকোরেটর প্রতিষ্ঠান রয়েছে, যা সারা দেশের এক-তৃতীয়াংশ।২০১০-১১ অর্থবছরে ডেকোরেটর সেবা খাত থেকে জিডিপিতে ৫১৫ কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৪৪৩ কোটি টাকা। এর মানে হলো, প্রতিবছর এই খাতের বিস্তৃতি ঘটছে।নিরাপত্তা সেবা: দেশের বড় শহরগুলোতে অফিসে নিরাপত্তার জন্য বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠিত নিরাপত্তা সেবা প্রতিষ্ঠানের দ্বারস্থ হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আর অভিজাত এলাকার বাসাবাড়ি ও অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সেও নিরাপত্তার জন্য এসব সেবা প্রতিষ্ঠানের দ্বারস্থ হন মালিকেরা।বর্তমানে এই খাতে দুই লাখ ৭৯ হাজার ৮৪ জন লোক কাজ করেন। তাঁদের ৯৫ শতাংশই পুরুষ কর্মী। এ খাতের একজন কর্মীর গড় বেতন মাসে সাত হাজার দুই টাকা। আর এই খাতে সম্পদের পরিমাণ ১৫০ কোটি টাকা।২০১০-১১ অর্থবছরে নিরাপত্তা সেবা খাত থেকে জিডিপিতে দুই হাজার ৭৪১ কোটি টাকার মূল্য সংযোজিত হয়েছে। আগের অর্থবছরে এর পরিমাণ ছিল দুই হাজার ২৯৯ কোটি টাকা।সারা দেশে ৪৮৬টি এ ধরনের প্রতিষ্ঠানের মধ্যে ৩৯৯টিই রাজধানী ঢাকায়। আর চট্টগ্রামে ৪৫টি প্রতিষ্ঠান কাজ করে।পরিচ্ছন্নতা সেবা: নগরায়ণের ফলে বাণিজ্যিকভাবে পরিচ্ছন্নতা সেবা ব্যবসা চালু হয়েছে। এখন আর সিটি করপোরেশন কিংবা পৌরসভার পরিচ্ছন্নতা সেবার জন্য নাগরিকেরা অপেক্ষা করেন না। বড় বড় করপোরেট প্রতিষ্ঠান বেসরকারি পরিচ্ছন্নতা সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুবিধা নিয়ে থাকে। মূলত ২০০০ সালের পর থেকে এই ব্যবসার প্রসার শুরু হয়েছে।বর্তমানে সারা দেশে ২০টি পরিচ্ছন্নতা সেবা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় কার্যক্রম পরিচালনা করে ২০টি প্রতিষ্ঠান। আর চট্টগ্রাম ও বরিশালে একটি করে প্রতিষ্ঠান কাজ করে।এই খাতে বর্তমানে পাঁচ হাজার ৭৩৮ জন কাজ করছেন। তবে এই খাতে নারী কর্মীর চাহিদা রয়েছে। প্রায় চার হাজার নারী কর্মী কাজ করেন। এই খাতের প্রতিষ্ঠানগুলোর কর্মীর গড় বেতন মাসে চার হাজার ৩৬৫ টাকা।২০১০-১১ অর্থবছরে পরিচ্ছন্নতা সেবা খাত থেকে জিডিপিতে ৩৮ কোটি টাকা মূল্য সংযোজন হয়েছে। এর আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ৩২ কোটি টাকা।নিয়োগ প্রতিষ্ঠান: সারা দেশে ৪১৪টি নিয়োগ প্রতিষ্ঠান রয়েছে। আর এসব প্রতিষ্ঠানে কাজ করেন তিন হাজার ৩৯৬ জন। তবে অন্য খাতগুলোর তুলনায় এই খাতের বেতন বেশি। একজন কর্মীর গড় মাসিক বেতন ১০ হাজার ৬৭৪ টাকা। আর ২০১০-১১ অর্থবছরে ৫৬১ কোটি মূল্য সংযোজিত হয়েছে এই খাত থেকে।