চার স্তরে ব্যবসায়ীদের কেজিতে মুনাফা ৩ থেকে ১১ টাকা
চট্টগ্রামের ব্যবসায়ীরা প্রতি কেজি পণ্যে সরকারি নির্দেশনার চেয়ে ৩ থেকে ১১ টাকা বেশি মুনাফা করছেন। আমদানিকারক থেকে খুচরা বিক্রেতা পর্যন্ত চার স্তরের বিক্রয়মূল্য পর্যালোচনা করে এই চিত্র পাওয়া গেছে।পণ্য বিপণনের স্তর অনুযায়ী, প্রথমে আমদানিকারকেরা বড় পাইকারি ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন। এরপর তা বড় পাইকারদের কাছ থেকে ছোট পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে এসে পৌঁছে খুচরা বিক্রেতাদের কাছে। ৩০টি চালান পর্যালোচনা করে দেখা যায়, গত জুন মাসে আমদানি হওয়া সাধারণ মানের ছোলার কেজিপ্রতি গড় মূল্য পড়েছে ৫৫ টাকা। আর সবচেয়ে ভালো মানের ছোলার গড় মূল্য ছিল ৬৫ টাকা। প্রতি কেজিতে সর্বোচ্চ তিন টাকা পণ্য খালাসের খরচসহ ছোলার মূল্য দাঁড়ায় যথাক্রমে ৫৮ ও ৬৮ টাকা।আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা সর্বোচ্চ ১ শতাংশ এবং খুচরা বিক্রেতারা ১০ শতাংশ মুনাফা করতে পারবেন বলে গত মঙ্গলবার সরকার নির্দেশনা দিয়েছে। এই হিসাবে সাধারণ মানের ছোলার দাম ৬৪ ও ভালো মানের ছোলা ৭৫ টাকা হওয়া উচিত। কিন্তু গতকাল রোববার সরেজমিনে খাতুনগঞ্জের পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, আমদানিকারকেরাই বড় পাইকারি ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি সাধারণ মানের ছোলা ৬৬-৬৭ টাকা ও ভালো মানের ছোলা ৬৯-৭০ টাকা দরে বিক্রি করছেন। তা পাইকারি ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের কাছে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ আর খুচরা ব্যবসায়ীরা সাধারণ ক্রেতাদের কাছে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করছেন। অর্থাৎ সরকারি নির্দেশনার চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যটি।নগরের কর্ণফুলী কমপ্লেক্স বাজারের বিক্রেতা মো. আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘খাতুনগঞ্জের পাইকারি বাজার থেকে ছোলা এনে কেজিপ্রতি তিন-চার টাকা লাভে বিক্রি করছি আমরা।’ পাইকারি বাজারের দরের ওপর খুচরা পণ্যের দর নির্ভর করে বলে তিনি জানান। অন্য ব্যবসায়ী সূত্রগুলোও অবশ্য বলছে, পাইকারি পর্যায়েই পণ্যের দাম সবচেয়ে অস্থিতিশীল হয়।ছোলার মতো আমদানি হওয়া মসুর ডালেও বাড়তি মুনাফা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া গোটা আকারের মসুর ডালের দর পড়ছে মানভেদে ৫১ থেকে ৫৩ টাকা। এই ডাল খালাস করে কারখানায় খোসা ছাড়ানোর পর কেজিপ্রতি মূল্য পড়ে ৬১ থেকে ৬৩ টাকা। সরকার-নির্ধারিত ১০ শতাংশ লাভে বিক্রি করলে খুচরা পর্যায়ে এই পণ্যের দাম হওয়া উচিত মানভেদে ৬৭ থেকে ৬৯ টাকা। অথচ গতকাল চট্টগ্রামের খুচরা বাজারে আমদানি করা মসুর ডাল বিক্রি হয়েছে ৭৮ থেকে ৮০ টাকায়। মসুর ডাল ছাড়াও চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া গোটা মটর ডালের দাম পড়ছে প্রায় সাড়ে ৩৫ টাকা। বন্দর থেকে খালাসসহ কেজিপ্রতি মূল্য দাঁড়ায় ৩৮ টাকা। আমদানিকারকেরা এই পণ্য বিক্রি করছেন কেজিপ্রতি ৩৯ টাকা ৩০ পয়সা থেকে ৪০ টাকা ৩০ পয়সা। সরকারি নির্দেশনা অনুযায়ী এই পণ্যের দাম হওয়া উচিত ৪২ টাকা। অথচ গতকাল খুচরা বাজারে এই ডাল বিক্রি হয় ৪৫ থেকে ৪৬ টাকায়। ট্যারিফ কমিশনের বিশ্লেষণ অনুযায়ী খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম হওয়া উচিত ১৪ টাকা। গতকাল চট্টগ্রামের খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ২২ থেকে ২৪ টাকা। একইভাবে কেজিপ্রতি ৬৬ টাকার স্থলে রসুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকা।