চার হাজার পয়েন্টকে ঘিরে ডিএসইর সূচকের ওঠানামা
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের মধ্যেই দেশের দুই শেয়ারবাজারে গতকাল মঙ্গলবার লেনদেন চলেছে।দুই স্টক এক্সচেঞ্জেই এদিন মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক প্রায় ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৯ পয়েন্ট। কয়েক দিন ধরে ঢাকার বাজারের সাধারণ সূচক চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। কখনো এটি চার হাজারের নিচে নেমে আবার ঘুরে দাঁড়াচ্ছে। কখনো বা চার হাজার পয়েন্টের ওপরে উঠে আবার নিচে নেমে যাচ্ছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, যখনই সূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে যায়, তখনই বিভিন্ন মহল থেকে সেটিকে টেনে তোলার প্রবণতা দেখা যায়। কিন্তু সেটি স্থায়ী হয় না। মঙ্গলবারও বাজারে এ ধরনের প্রবণতা ছিল বলে তাঁরা জানান।মূল্যসূচকের পতন দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ঘণ্টায়ই সূচক কমে চার হাজার পয়েন্টের নিচে নেমে আসে। এরপর অবশ্য তা বাড়তে থাকে এবং দিনের লেনদেন শেষ হওয়া পর্যন্ত ঊর্ধ্বগতি বজায় থাকে।পুঁজিবাজার বিশ্লেষক ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, ‘বাজারের গত কিছুদিনের আচরণ দেখে মনে হচ্ছে, সূচকের চার হাজার পয়েন্টের একটি ভিত্তি অবস্থান (সাপোর্ট লেভেল) তৈরি করা হয়েছে। তাই যখনই এটি চার হাজারের নিচে নেমেছে, তখনই টেনে তোলার প্রবণতা দেখা গেছে।’সূচকের এই ভিত্তি অবস্থান তৈরির কারণ ব্যাখ্যা করে মোহাম্মদ মূসা বলেন, চলতি মাসেই বেশির ভাগ ব্যাংক, বিমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের হিসাব বছর শেষ হবে। এর মধ্যে বাজারে যদি বেশি দরপতন ঘটে, তাহলে এসব প্রতিষ্ঠানের আয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা আছে। এ কারণে মনে হয়, প্রতিষ্ঠানগুলো খুব বেশি দরপতন ঘটতে দিতে চাইছে না। তাই সূচক চার হাজার পয়েন্টের নিচে নামলেই কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো সক্রিয় হয়ে ওঠে।ঢাকার বাজারে এদিন মোট ২৬৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত ছিল পাঁচটির।কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদন অনুযায়ী, গতকাল ঢাকার বাজারে লেনদেনের সিংহভাগজুড়েই ছিল ব্যাংক খাতের কোম্পানিগুলো। লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের শেয়ারের মধ্যে ২৯টিরই দাম বেড়েছে। ব্যাংকগুলোর সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪০ কোটি টাকা, যা ডিএসইর এদিনের মোট লেনদেনের ২৫ শতাংশ। খাতভিত্তিক লেনদেনে এদিন দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। এই খাতের লেনদেন হওয়া ২৮টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ১৯ শতাংশ।প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গতকাল সূচকের উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাতের কোম্পানিগুলো। যে ১০টি কোম্পানি সূচক বৃদ্ধিতে প্রভাব রেখেছে, তার মধ্যে সাতটিই ছিল ব্যাংক।তবে সূচক বাড়লেও এদিন ডিএসইতে লেনদেন কমেছে। মোট লেনদেন হয় প্রায় ১৬০ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে ৫০ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এদিন ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৩৮০ পয়েন্টে। এই বাজারে ১৬০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের তুলনায় দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত থাকে আটটির। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।