টানা কয়েকদিনের অব্যাহত দরপতনের পর আজ বুধবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হল দেশের প্রধান পুঁজিবাজার ঢাক স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এতে ডিএসইর সাধারণ মূল্যসূচক আবারো চার হাজার পয়েন্টের ওপরে চলে এল। পাশাপাশি লেনদেনের পরিমাণ ও বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৮৯ পয়েন্ট বেড়ে চার হাজার পয়েন্টের ওপরে অর্থাত্ ৪,০৭৭ পয়েন্টে দাঁড়ায়। দিনের শুরুতে সূচকের পতন ও শেষে উত্থানের মধ্য দিয়ে চলে আজকের লেনদেন। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে প্রায় ৩৮ পয়েন্ট কমে ৩,৯৫০ পয়েন্টে দাঁড়ায়। ২০ মিনিটে কমে ৮৩ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক ১০১ পয়েন্ট, এক ঘণ্টায় কমে ১০৩ পয়েন্ট। দেড় ঘণ্টায় কমে ১৩৩ পয়েন্ট। দুই ঘণ্টায় কমে ১৪৮ পয়েন্ট। বেলা একটা ৫০ মিনিটের পর থেকে সূচকের তির ঊর্ধ্বমুখী হতে শুরু করে, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে ২২৮টিরই দাম বাড়ে। কমে মাত্র ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ২০১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ১৬ কোটি টাকা বেশি।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, লংকা-বাংলা ফিন্যান্স লিমিটেড, বেক্সিমকো এবং কেয়া কসমেটিকস।