চার হাজার পয়েন্টের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ডিএসইর মূল্যসূচক
চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমায় ঘুরপাক খাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজারের মূল্যসূচক। বেশ কিছুদিন ধরেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক যেন চার হাজার পয়েন্টের আশপাশেই অবস্থান করছে। নির্ধারিত এই সীমার নিচে নেমে এলেই সেখান থেকে সূচক আবারও সামান্য ঊর্ধ্বমুখী হচ্ছে। কিন্তু সেই ঊর্ধ্বমুখী ধারা বেশিদিন স্থায়ী হচ্ছে না। ডিএসইর তথ্য অনুযায়ী, সাত কার্যদিবস ধরেই ঢাকার বাজারের সাধারণ সূচক চার হাজার পয়েন্টকে ঘিরে ওঠানামা করছে। উল্লিখিত এই সময়ে সাধারণ সূচক সর্বনিম্ন তিন হাজার ৯৯৪ পয়েন্টে নেমেছে। আর সর্বোচ্চ ছিল চার হাজার ১৪৫ পয়েন্টে। যদিও ডিএসইতে সূচকের টানা পতন চলছে প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন মুদ্রানীতি, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসের ঘাটতি ও তারল্যসংকটের কারণে বাজারে টানা দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এ অবস্থায় বাজারে নতুন বিনিয়োগ আসছে না, উপরন্তু অনেক বিনিয়োগকারী নিজেদের গুটিয়ে নিচ্ছেন। ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কারোরই শক্তিশালী সক্রিয় অংশগ্রহণ নেই বাজারে।বাজার পরিস্থিতি সম্পর্কে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসইর সূচক চার হাজার পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমায় আটকে আছে। একই সঙ্গে লেনদেনের পরিমাণও একটি জায়গায় এসে স্থবির হয়ে পড়েছে। এটি ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীর আত্মবিশ্বাসের সংকট ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণের ঘাটতির প্রমাণ বহন করছে। মূল্যসূচকের পতন দিয়েই গতকাল মঙ্গলবার ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম ১৫ মিনিট এই নিম্নগতি অব্যাহত ছিল। এরপর সূচক উঠতে শুরু করে। দিন শেষেও যা অব্যাহত ছিল। লেনদেন ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩৪ পয়েন্ট বেড়েছে। সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে সামান্য কমে গেছে। গতকাল ডিএসইতে প্রায় ১২২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় এক কোটি টাকা কম। এ দিন ঢাকার বাজারে ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৫টি বা ৭০ শতাংশের দাম বেড়েছে, কমেছে ৫১টির আর অপরিবর্তিত ছিল ২৮টির দাম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল প্রায় ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ১৮৬ পয়েন্টে। চট্টগ্রামের বাজারে গতকাল ১৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টি বা ৫৯ শতাংশেরই দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিন শেষে সিএসইতে প্রায় ১৮ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ছয় কোটি টাকা কম।এদিকে গতকাল দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ডিএসইর সভাপতি রকিবুর রহমান। গতকাল বেলা দুইটার দিকে বাংলাদেশ ব্যাংকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, নতুন মুদ্রানীতিকে সামনে রেখে এই বৈঠক হয়েছে। বৈঠক থেকে ফিরে ডিএসইর সভাপতি সাংবাদিকদের জানান, নতুন মুদ্রানীতি পুঁজিবাজারবান্ধব হবে বলে কেন্দ্রীয়ব্যাংক আশ্বস্ত করেছে। আজ বুধবার ২০১২-১৩ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।