চার হাজার পয়েন্টের নিচে সাধারণ মূল্যসূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত দরপতনের মধ্য দিয়ে আজ মঙ্গলবারও শেষ হয়েছে দেশের পুঁজিবাজারের লেনদেন। এতে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক কমেছে পৌনে চার শতাংশ আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৩.৩৫ শতাংশ।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজারে তারল্য সংকট তীব্র আকার ধারণ করেছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের ক্ষমতা একেবারেই কমে গেছে। একই কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন করে বিনিয়োগে সক্রিয় হতে পারছে না, যার প্রভাব পড়ছে বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১৫৬ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ ৩৯৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সূচক ৩৮০৯ পয়েন্টে নেমেছিল। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের শেষ পর্যন্ত তা অব্যাহত ছিল।আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে ২৪৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, লঙ্কা-বাংলা ফিন্যান্স, বেক্সিমকো ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ৩.৩৫ শতাংশ বা ৪২৩ পয়েন্ট কমে ১২,২০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৩টিরই দাম কমেছে। বেড়েছে মাত্র সাতটির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।এদিকে শেয়ারবাজারে দরপতনের প্রতিবাদে আজও ডিএসইর সামনে বিক্ষোভ করেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেলা দেড়টার দিকে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে বেলা পৌনে তিনটার দিকে বিনিয়োগকারীরা মিছিল শুরু করেন। মিছিলটি ডিএসইর সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে আবারও ডিএসইর সামনে এসে শেষ হয়।