চার হাজার ২৫০ টাকার প্রস্তাব, শ্রমিকদের প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম চার হাজার ২৫০ টাকা নতুন মজুরির প্রস্তাব দিয়েছে মালিকপক্ষের সংগঠন বিজিএমইএ। তবে শ্রমিকপক্ষ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ কারণে আগামী ৪ নভেম্বর নতুন মজুরি নির্ধারণ নিয়ে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মালিকপক্ষ ও পোশাকশ্রমিকদের বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যান এ কে রায় সাংবাদিকদের এ কথা জানান। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে দুইটা পর্যন্ত বৈঠক চললেও উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়।

বোর্ডের চেয়ারম্যান বলেন, মালিকপক্ষ পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি চার হাজার ২৫০ টাকা করার প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম এর বিরোধিতা করেন। একপর্যায়ে নিরপেক্ষ সদস্য মোহাম্মদ কামাল উদ্দিন মজুরি পাঁচ হাজার টাকা করার প্রস্তাব দেন। জবাবে মালিকপক্ষের প্রতিনিধি আরশাদ জামাল জানান, তাঁরা সাড়ে চার হাজার টাকার বেশি দিতে পারবেন না। এ অবস্থায় শ্রমিকপক্ষের  প্রতিনিধিরা মজুরি নির্ধারণ নিয়ে আলোচনার জন্য আরও তিন থেকে চার দিন সময় চান। এর পরিপ্রেক্ষিতে আগামী ৪ নভেম্বর এ নিয়ে আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।