চার হাজারের নিচে ডিএসইর সূচক, দরপতন অব্যাহত
দরপতনের মধ্যে আজ বুধবারও শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে দুই বাজারেই সূচকের পতন হয়েছে। এর ফলে ডিএসইর সাধারণ মূল্যসূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। এ নিয়ে টানা আট দিন সূচক পতনের ঘটনা ঘটল বাজারে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৬ পয়েন্ট কমে চার হাজার পয়েন্টের নিচে অর্থাত্ ৩৯৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর ফলে ডিএসইর সূচক প্রায় সাড়ে চার মাস আগের অবস্থানে নেমে এসেছে। এর আগে গত ১৬ জুলাই ডিএসই সাধারণ মূল্যসূচক ৩৯৯৪ পয়েন্টে নেমেছিল। বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। বেলা ১১টার দিকে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক কমতে থাকে। তবে শেষ সময়ের কিছুক্ষণ আগে সূচক পাঁচ পয়েন্ট বাড়লেও শেষ পর্যন্ত নিম্নমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে। কমেছে ১১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ স্টক এক্সচেঞ্জটিতে ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২১ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তিতাস গ্যাস, যমুনা অয়েল, বিএসসিসিএল, আরএন স্পিনিং, সিএমসি কামাল, এনবিএল, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম ও গ্রামীণ ফোন প্রভৃতি।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২২১৭ পয়েন্টে। সিএসইতে আজ ১৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টিরই দাম কমেছে। বেড়েছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ২৪ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা বেশি।