চারটি কারখানার ২১ পরিচালকের ব্যাংক হিসাব জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে যাওয়া সাভারের রানা প্লাজার চার পোশাক কারখানার ২১ পরিচালকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ১৪ মের মধ্যে এসব পরিচালকের হিসাবের সর্বশেষ স্থিতিসহ লেনদেনের বিবরণ কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার সব ব্যাংককে এ-সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে।

এর আগে একটি রিট আবেদনে রানা প্লাজার মালিক সোহেল রানা ও চার পোশাক কারখানার ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করতে নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত।

অপর একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মে উচ্চ আদালত যে নির্দেশনা দেন, তা বাস্তবায়নে চার পোশাক কারখানার সব পরিচালকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

রানা প্লাজার পোশাক কারখানার পরিচালকেরা হলেন নিউ ওয়েভ বটমসের বজলুস সামাদ, মাহমুদুর রহমান, দেলোয়ার আহমেদ, এ আর আইয়ুব হোসেন ও দেলোয়ার হোসেন। ফ্যান্টম অ্যাপারেলস ও ফ্যান্টম টেকের আমিনুল ইসলাম ও সুরাইয়া বেগম। ফ্যান্টম অ্যাপারেলসের নাজিম উদ্দীন, এ বি এম সিদ্দিক, আলেয়া বেগম, ডেভিড মেয়র রিকো ও আমিরুল ইসলাম মাহমুদ। ইথার টেক্সের আনিসুর রহমান, মাহবুবুল আলম, জেসমিন আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোসাম্মৎ মরিয়ম, জান্নাতুল ফেরদৌস, শফিকুল ইসলাম ভুঁইয়া, রফিকুল হাসান ও মনোয়ার হোসেন।