চারটি খাতে পরীক্ষামূলক গবেষণা করার সিদ্ধান্ত
বিশ্ব বিপণন সম্মেলনে ঢাকা ঘোষণা গৃহীত হয়েছে। গতকাল শনিবার তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠানে ১০ দফার এই ঘোষণা গৃহীত হয়। ঢাকা ঘোষণার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো: চারটি খাতে চারটি ভিন্ন ভিন্ন বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে পরীক্ষামূলক গবেষণা কার্যক্রম পরিচালনা যাকে বলা হচ্ছে ইনকিউবেটর। এর মধ্যে বাংলাদেশ দুটি, আর ভারত ও যুক্তরাজ্যে একটি করে গবেষণা পরিচালিত হবে । প্রথম গবেষণাটি হবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের আয়ের সঙ্গে সংগতি রেখে ক্ষুদ্র স্বাস্থ্যবিমা প্রণয়ন নিয়ে। এই গবেষণাটি পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্স। দ্বিতীয় গবেষণাটি পরিচালনা করা হবে ভারতের আহমেদাবাদের ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের অধ্যাপক আব্রাহাম কোশির নেতৃত্বে। গবেষণার বিষয়: প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যবিমা। তৃতীয় গবেষণাটি হবে খাদ্যপণ্যের অপচয় ও মজুদের কারণে ক্রেতার ব্যয় বৃদ্ধি নিয়ে। এই গবেষণাটি সমন্বয় করবেন ব্রানেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ ফ্রেঞ্চ। এই গবেষণাটি হবে যুক্তরাজ্যে। আর চতুর্থ গবেষণাটি হবে বাংলাদেশে। তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধি করে স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের কর্মসংস্থান নিয়ে এই গবেষণাটিও পরিচালনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্স। এই চারটি গবেষণা পরিচালনার পাশাপাশি আরও দুটি গবেষণার পরিকল্পনা করা হয়েছে। পরিবেশ নিয়ে গবেষণাটি হবে ব্রাজিলে আর যুক্তরাষ্ট্রে হবে খাদ্যনিরাপত্তা নিয়ে। এই পরীক্ষামূলক গবেষণাগুলো সম্পর্কে ঢাকা ঘোষণায় বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের সমসাময়িক চ্যালেঞ্জগুলো নিয়ে এসব গবেষণা পরিচালিত হবে। এই গবেষণাগুলো দিয়ে ভবিষ্যৎ মডেল তৈরি করা হবে। এরপর এই পরীক্ষামূলক গবেষণাগুলো কীভাবে বাস্তবসম্মতভাবে পরিচালনা করা যায় সেটাও বিবেচনায় থাকবে। এ ছাড়া এসব গবেষণা কীভাবে পরিচালিত হবে, এর মূল দর্শন কী হবে ইত্যাদি ঢাকা ঘোষণায় উল্লেখ করা হয়েছে। প্রায় বছরব্যাপী এসব গবেষণার ফলাফল আগামী বছরের বিপণন সম্মেলনে তুলে ধরা হবে। ২০১৩ সালের ১, ২ ও ৩ মার্চ আগামী সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা ঘোষণা অনুসারে বিশ্ব বিপণন সম্মেলনের কার্যক্রম পরিচালনার প্রধান দপ্তর হবে ঢাকায়। আর সার্বিকভাবে প্রধান দপ্তর হবে কানাডায়। ঢাকা ঘোষণায় বিপণনের মূল বিষয়টি গ্রাহককে পণ্য ও সেবা দেওয়ার চেয়ে মানবিক দিকটি বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের আর্থসামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিপণনকে কাজে লাগাতে হবে। ঢাকা ঘোষণায় ভবিষ্যৎ বিপণনব্যবস্থা ও বিপণনের মাধ্যমে নতুন উন্নয়ন কৌশল প্রণয়নকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিশ্ববরেণ্য অধ্যাপক ফিলিপ কটলারের নেতৃত্ব গঠিত বিশ্ব বিপণন সম্মেলন উন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে একই প্লাটফরমে এনে চলমান নানা সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে। মানুষের মন, হূদয় ও মানসিক দিকগুলো বিবেচনা করে ভবিষ্যৎ বিপণন কৌশল তৈরিতে সহায়তা করা হবে। উন্নত ও উন্নয়নশীল দেশে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রতিবছর নতুন নতুন কৌশল প্রণয়ন করা হবে।