চারটি পদে মনোনয়ন নিলেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের শেয়ারধারী চার পরিচালক পদের বিপরীতে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমার পর প্রাথমিক যাচাই-বাছাই শেষে গতকাল এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।
তফসিল অনুসারে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি। এবার ভোটার হয়েছেন ২৪২ জন।
শেয়ারধারী চার পরিচালক পদের জন্য যে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরা হলেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী ও কাজী ফিরোজ রশীদ, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, পরিচালক আহমেদ রশীদ ও শরীফ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক লাইলুন নাহার একরাম, খাজা গোলাম রসুল এবং শামীম আফজাল।
ডিমিউচুয়ালাইজেশন কর্মসূচি অনুযায়ী স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ হবে ১৩ সদস্যের। এর মধ্যে সভাপতিসহ সাতজন হবেন স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারীদের মধ্য থেকে পরিচালক হতে পারবেন সর্বোচ্চ পাঁচজন। শেয়ারধারী এই পাঁচ পরিচালকের মধ্যে ন্যূনতম একজন হবেন কৌশলগত (স্ট্র্যাটেজিক) বিনিয়োগকারী।