দেশের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা প্রায় আড়াই হাজার পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে—এমন তথ্য উল্লেখ করে দেশের চারটি স্থানে পরিকল্পিত তৈরি পোশাকশিল্প পার্ক স্থাপনের দাবি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএ।মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রস্তাবিত পোশাকশিল্প পার্ক এবং ঢাকা ও চট্টগ্রামে আরও তিনটি শিল্পপার্ক গড়ে তোলার কথা বলছেন বিজিএমইএর নেতারা।শিল্পমন্ত্রীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার তাঁর দপ্তরে বৈঠক করে এসব দাবি জানায় সংগঠনটি। বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার রাকিবুর রহমান, বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, মহাসচিব এহসান উল ফাত্তাহ, সংগঠনের পোশাকশিল্প পার্কবিষয়ক কমিটির চেয়ারম্যান খন্দকার এম রহমান, পরিচালক খন্দকার রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পোশাকশিল্প খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ করেন।শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বৈঠকে বিজিএমইএর নেতারা বলেন, বর্তমানে দেশে পাঁচ হাজারেরও বেশি পোশাকশিল্প কারখানায় ৩৬ লাখ লোক কর্মরত আছে। ২০১০-১১ অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৮০০ কোটি ডলার। পোশাকশিল্পের জন্য চারটি পরিকল্পিত শিল্পপার্ক গড়ে তোলা হলে ২০২০ সাল নাগাদ এ খাত থেকে ছয় হাজার কোটি ডলার রপ্তানি করা সম্ভব হবে।তৈরি পোশাক খাতে গতিশীলতা আনতে বিসিকের মাধ্যমে আরও কয়েকটি প্রকল্পের জমি অধিগ্রহণ করার দাবি জানান বিজিএমইএর নেতারা। এ ক্ষেত্রে জমি অধিগ্রহণের ব্যয় নিজেরাই পরিশোধ করবেন।বিজিএমইএর নেতারা বলেন, পোশাক খাতের সম্ভাবনা কাজে লাগাতে ৬২টি পণ্যে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া ঠিক হবে না। যেসব খাতে বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে, সেসব খাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা উচিত। বৈঠকে দিলীপ বড়ুয়া বলেন, তৈরি পোশাকশিল্প খাতে মূল্য সংযোজন ও পণ্য বৈচিত্র্যকরণের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। দেশে পোশাকশিল্পে মূল্য সংযোজন ও বিশ্ববাজারে রপ্তানি বাড়াতে মুন্সিগঞ্জের বাউসিয়ায় বাস্তবায়নাধীন শিল্পপার্ক প্রকল্পে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।