চারটি প্রকল্পে জাপান আট হাজার ২৩৪ কোটি টাকার ঋণ দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে দুটি সেতু নির্মাণ, একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পসহ চারটি উন্নয়ন প্রকল্পে জাপান সরকার প্রায় ১০৪ কোটি মার্কিন ডলারের ঋণ দেবে। স্থানীয় মুদ্রায় এই অর্থ আট হাজার ২৩৪ কোটি টাকার সমান।এ ব্যাপারে ঢাকায় গতকাল রোববার ঋণ চুক্তি সই হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. আবুল কালাম আজাদ এবং বাংলাদেশে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রধান প্রতিনিধি তাকাও তোদা এই চুক্তিতে সই করেন। এ ছাড়া ইআরডি সচিব ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা নিজ নিজ সরকারের পক্ষে একটি বিনিময় নোটে সই করেন। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস এ খবর জানায়। এতে বলা হয়, চারটি প্রকল্পে দেওয়া জাপানের এই ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ৪০ বছরে পরিশোধযোগ্য। এর বার্ষিক সুদের হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ।চারটি প্রকল্প হলো: কাঁচপুর সেতু ও মেঘনা-গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতুগুলোর প্রথম সংস্কার; কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্প (দ্বিতীয় পর্যায়); বাংলাদেশ উত্তরাঞ্চল সমন্বিত উন্নয়ন প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন প্রকল্প।