চারদিন পর সূচক ঊর্ধ্বমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত চারদিন ধরে দর পতনের পর বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ক্রয়ের প্রবণতা বেশি লক্ষ করা গেছে। যার প্রভাবে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। এ ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ প্রথম আলো ডট কমকে বলেন, শেয়ারবাজারে ওঠানামা থাকবে এটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, গত চারদিন ধরে দর পতনের কারণে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমে বেশ আকর্ষণীয় পর্যায়ে চলে আসে এর ফলে আজ বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার ক্রয়ের প্রবণতা লক্ষ করা যায়। আর তাই বাজারে ইতিবাচক প্রভাব দেখা যায়।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ৮৭ পয়েন্ট বেড়ে ৫,০৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও প্রথম আধা ঘণ্টায় সূচকের ওঠানামার প্রবণতা দেখা যায়। শুরুতেই সূচক গতকালের চেয়ে বেড়ে যায় ৮ পয়েন্ট। পাঁচ মিনিটে কমে যায় ছয় পয়েন্ট। ২৫ মিনিটে বেড়ে যায় ৩৬ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ২৫ পয়েন্ট। আধা ঘণ্টা পর থেকে সূচক বাড়ার হার অব্যাহত ছিল। দুপুর সোয়া একটায় আজ সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৪৯ পয়েন্ট ছিল।আজ লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ২১৪টির দাম, কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৪৪৮ কোটি টাকার লেনদেন হয়েছে।দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: যমুনা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, লঙ্কাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, তিতাস গ্যাস এবং জিপিএইচ ইস্পাত।