চার্টার্ড সেক্রেটারিজ আইন করপোরেট খাতে সুশাসন নিশ্চিত করবে
চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ পাসের ফলে তা দেশের করপোরেট খাতে সুশাসন নিশ্চিত করবে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক হবে।ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশের (আইসিএসএমবি) এক সংবাদ সম্মেলনে গতকাল শনিবার একথা বলা হয়। সংবাদ সম্মেলনে আইসিএসএমবির সভাপতি মোহাম্মদ আসাদ উল্লাহসহ সংগঠনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, চার্টার্ড সেক্রেটারিজ আইন অনুমোদন হওয়ায় দেশের করপোরেট খাতে সুশাসন প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক মানের আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে।জাতীয় সংসদে ৭ জুন চার্টার্ড সেক্রেটারিজ আইন ২০১০ অনুমোদিত হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে ১৯৯৮ সাল থেকে চার্টার্ড সেক্রেটারিজ আইন প্রনয়ণের প্রক্রিয়া শুরু হয়। আইসিএসএমবি সভাপতি লিখিত বক্তব্যে বলেন, ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কোম্পানি সচিবেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। নতুন আইনটিতে কোম্পানি সচিবকে পরিচালনা পর্ষদের সুষ্ঠু দায়িত্ব পালনের ক্ষেত্রে এক অপরিহার্য অনুসঙ্গ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয় যে বর্তমানে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অ্যান্ড ম্যানেজারস অব বাংলাদেশের (আইসিএসএমবি) মোট সদস্যসংখ্যা হচ্ছে ২১১। এ ছাড়া ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় দুই হাজার। বিজ্ঞপ্তি।