চাল-চিনি ছাড়া প্রায় সব পণ্যের দাম বেড়েছে বরিশাল-খুলনায়
বরিশালে চাল ও চিনি ছাড়া প্রায় সব পণ্যের দাম গত কয়েক দিনে বেড়েছে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত। দেশি এবং আমদানি করা দুই পণ্যেরই দাম বেড়েছে। একই চিত্র খুলনাতেও। তবে শহরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামে বিস্তর ফারাক দেখা গেছে।জানা গেছে, এক মাস আগে বরিশালে আমদানি করা ছোলার দাম ছিল ৬৫ টাকা। গতকাল তা বিক্রি হয় ৭৭ টাকায়। খুচরা বাজারে দেশি মসুর ডাল ৯৫ থেকে ১০০, আমদানি করা মসুর ডাল ৭৭ থেকে ৮২, দেশি রসুন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা ভারতীয় পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু ১৫ থেকে বেড়ে ২৪ টাকা, আদা ৫০ থেকে বেড়ে ৬৫, আমদানি করা আদা ৮০ থেকে বেড়ে ১০০, খেসারির ডাল ৩২ থেকে বেড়ে ৫২ টাকা, মুগডাল ৯০ টাকা থেকে বেড়ে ১০৫, দেশি পেঁয়াজ ২২ থেকে বেড়ে ২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।নতুন বাজারের মিঞা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবদুর রহমান বলেন, গত এক মাসে নিত্যপণ্যের দাম বেড়েছে কেজিতে পাঁচ থেকে ১৫ টাকা। সামনে রমজানের কারণে পণ্য সরবরাহ অনেক থাকলেও আমদানি করা ও দেশীয় সব পণ্যের মূল্যই বেড়েছে।নগরের নতুন বাজারের ক্রেতা মতিউর রহমান বলেন, ‘গত সপ্তাহে মসুর ডাল কিনেছি ৯০ টাকায়, আজ কিনেছি ১০০ টাকায়।’খুলনায় পাইকারি-খুচরায় পার্থক্য: খুলনায় নিত্যপণ্যের পাইকারি ও খুচরা দামে বেশ পার্থক্য দেখা গেছে।খুলনা ট্রাকস্ট্যান্ডের পাশের বৃহত্তম পাইকারি বাজারে গতকাল দেশি পেঁয়াজ ২৫-২৬, দেশি রসুন ১৮ থেকে ২৮, ভারতীয় পেঁয়াজ ১৮, মানভেদে আদা ৬০ থেকে ৭০ ও চীনা আদা ৫০, হলুদ ৭০ টাকায় বিক্রি হয়েছে।এক কিলোমিটার দূরে খুলনা নিউমার্কেটের কাঁচাবাজারে দেখা গেছে একই পণ্যের কয়েক রকম দাম। ভারতীয় পেঁয়াজ ২০ টাকা, দেশি পেঁয়াজ ৩০ টাকা, গুঁড়ো হলুদ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।খুলনার ভৈরব নদের পাড়ে কালীবাড়ি এলাকার পাইকারি বাজারে ছোলা ৭১, দেশি মসুর ডাল ৯৮ টাকা, বিদেশি মসুর (কানাডা) ৬৭ টাকায় বিক্রি হয়। বাজারের এফ আর এন্টারপ্রাইজে পণ্যমূল্যের তালিকা টাঙানো ছিল না। এর ব্যবস্থাপক গোপাল চক্রবর্তী অবশ্য বলেন, ‘শিগগিরই টাঙিয়ে দেব।’ওই আড়তের পাশেই খুচরা দোকানে প্রতি কেজি ছোলা ৮০ টাকা, দেশি মসুর ডাল ১০৫ টাকা, আমদানি করা মসুর ৭০ টাকা, গুঁড়ো হলুদ ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।এই বাজারের ক্রেতা জলিল হাওলাদার মনে করেন, রোজা কাছে চলে আসায় প্রতিদিনই জিনিসপত্রের দাম বাড়ছে। তিনি বলেন, ‘শুনিছি, সব জিনিসির দাম লিখে ঝুলোনের কথা, কিন্তু কোনো দোকানেই তো দেখিনে।’