চাল সরবরাহে কুষ্টিয়ায় তৈরি হচ্ছে পাটের বস্তা

সরকার চালসহ ১৭টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করেছে। তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে বড় বড় অটো রাইস মিলের মালিকেরা পাটের বস্তা ব্যবহার করছেন। পাটের বস্তার চাহিদা বেড়ে যাওয়ায় খাজানগর এলাকার চালকল ফ্রেশ এগ্রো ফুট প্রডাক্ট লিমিটেডের মালিক ওমর ফারুক নিজেই এলাকায় বস্তা তৈরির কারখানা স্থাপন করেছেন। সেখানে নারী, পুরুষসহ প্রায় ১০০ শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খাজানগরের পাশেই স্বর্গপুর এলাকায় ওয়াদী জুট মিল নামে ওই কারখানায় গেলে মিলের মালিক ওমর ফারুক জানান, এক বছর আগে যখন সরকার চাল সরবরাহের জন্য পাটের বস্তা বাধ্যতামূলক করে, তখনই কারখানা তৈরি করা হয়। প্রতিদিন এই কারখানা থেকে প্রায় ১০ হাজার পাটের বস্তা তৈরি করা হচ্ছে। এই বস্তা নিজের চালকলের চাহিদা মেটাচ্ছে, পাশাপাশি আশপাশের আরও ১০টি মিলের মালিকেরা কিনে নিয়ে যাচ্ছেন। তিনি জানান, ফরিদপুর, খুলনা, রাজবাড়ী থেকে পাটের সুতা আনা হয়। এরপর তৈরিসহ বস্তার গায়ে লেখার সব কাজ কারখানায় করা হয়।
নারী শ্রমিক রেবেকা খাতুন বলেন, তিনি আট মাস ধরে বস্তা সেলাইয়ের কাজ করছেন। চামেলী খাতুন জানান, প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কাজ করে তিনি মাসে ছয় হাজার টাকা আয় করেন। গ্রামের ভেতর কারখানা হওয়ায় তাঁদের মতো অনেকের সুবিধা হয়েছে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক কুষ্টিয়া সমিতির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, খাজানগরে পাটের বস্তা তৈরির কারখানা হওয়ায় দূর থেকে বস্তা আনা লাগছে না। এতে মিলমালিকদের সুবিধা হয়েছে।
পাট অধিদপ্তর কুষ্টিয়ার মুখ্য পরিদর্শক সোহরাব উদ্দীন বিশ্বাস বলেন, ওয়াদী কারখানা হওয়ায় চাল সরবরাহে পাটের মোড়কের সরকারের উদ্দেশ্য সফল হচ্ছে।