চালকল শিল্পের আধুনিকায়নে সরকার সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিভিত্তিক শিল্প হিসেবে দেশীয় চালকল শিল্পের আধুনিকায়নে ঋণসুবিধাসহ সব ধরনের সহায়তা দেবে সরকার। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ আশ্বাস দিয়েছেন। সনাতনী পদ্ধতিতে চাল উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের ফলে দেশে প্রতিবছর বিপুল পরিমাণ চালের অপচয় হচ্ছে বলে মন্তব্য করেন শিল্পমন্ত্রী। খবর ইউএনবির।শিল্পমন্ত্রী গতকাল সকালে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘আন্তর্জাতিক চাল প্রক্রিয়াজাতকরণ প্রযুুক্তির প্রদর্শনী এবং সম্মেলন’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় ভারতের শাইনি ট্রেড এক্সপোজিশন এ প্রদর্শনীর আয়োজন করে। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম লায়েক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাইনি ট্রেড এক্সপোজিশনের প্রকল্প প্রধান শেখ বাজি সাইদ, স্টিলটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্বাস আদম আলী বক্তব্য দেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে সারা দেশে প্রায় ১০ হাজার চালকল রয়েছে, যার অধিকাংশই পুরোনো প্রযুক্তিতে চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব চালকলের উৎপাদন শতকরা তিন থেকে পাঁচ ভাগ বাড়ানো সম্ভব বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিতে চাল উৎপাদন করলে বাংলাদেশে প্রতিবছর আট থেকে দশ লাখ মেট্রিক টন অতিরিক্ত চাল উৎপাদন করা সম্ভব। একই সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশে তুষ থেকে বছরে প্রায় ২০ লাখ মেট্রিক টন ভোজ্যতেল এবং উল্লেখযোগ্য পরিমাণ পশুখাদ্য উৎপাদনের সুযোগ রয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া ও স্পেনের ৫৫টি কোম্পানি ৮৫টি স্টলে আধুনিক চাল প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি, কৃষি যন্ত্রাংশ ও যন্ত্রপাতি, কৃষি প্রযুক্তি প্রদর্শন করছে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।