চালকলকে শিল্প হিসেবে ঘোষণার দাবি
চালের উৎপাদন-ব্যয় হ্রাস তথা দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে কলগুলোর মঞ্জুরিকৃত ঋণের সুদের হার ৮ শতাংশের নিচে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে চালকল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ শনিবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ অটো রাইসমিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খোরশেদ আলম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব এম এ আজিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল্লাহ শাহ প্রমুখ।লিখিত বক্তব্যে খোরশেদ আলম বলেন, বাংলাদেশে দু-তিন বছর ধরে ধানের বাম্পার ফলন হচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দেশের কৃষকেরা এই সাফল্য এনে দিচ্ছেন। কৃষকদের সাফল্যের সীকৃতিস্বরূপ ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। এ সময় দেশে খাদ্যের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল রপ্তানিরও দাবি করেন তিনি।এ ছাড়া চালকলে ব্যবহূত সব ধরনের যন্ত্রাংশ বিনা শুল্কে আমদানির অনুমতি দেওয়ার দাবি জানান খোরশেদ আলম।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, বর্তমানে দেশে ধানের জমি দখল করে সেখানে কলকারখানা স্থাপন করা হচ্ছে। শিল্প কারখানাগুলো নির্ধারিত স্থানে হওয়া উচিত। এক্ষেত্রে অবাধে ধানের জমি দখল বন্ধে প্রয়োজনীয় আইন-কানুন তৈরি করে তা বাস্তবায়নের অনুরোধ জানান তিনি।