চালানে ৫০ হাজার টাকা কর দেওয়া যাবে

আপনি চালানে কর পরিশোধ করতে চান? এত দিন ১০ হাজার টাকার বেশি চালানে কর পরিশোধ করা যেত না। এই ব্যবস্থার পরিবর্তন আনছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আপনি চাইলে এখন ৫০ হাজার টাকা পর্যন্ত চালানে কর পরিশোধ করতে পারবেন।
এনবিআরের আয়কর বিভাগ ৪ ডিসেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে চালানে কর পরিশোধের সীমা বৃদ্ধি করা হয়েছে। চালানে কর পরিশোধ করলে তুলনামূলক কম খরচ হয়।
পে-অর্ডার, ক্রস চেক ও চালান—বর্তমানে এই তিন উপায়ে করদাতারা কর পরিশোধ করে থাকেন। এর মধ্যে পে-অর্ডার ও ক্রস চেকের মাধ্যমে যেকোনো অঙ্কের কর পরিশোধ করা যায়। আর এখন চালানের মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত কর পরিশোধ করার সীমা দিল এনবিআর।
এই বর্ধিত সীমা সঙ্গে সঙ্গে কার্যকর করেনি এনবিআর। এনবিআরের এই নতুন সিদ্ধান্তের বিষয়ে কারও কোনো আপত্তি বা পরামর্শ থাকলে তা ১৫ দিনের মধ্যে এনবিআরে জানানোর জন্য বলা হয়েছে। কারও কোনো আপত্তি বা প্রস্তাব না থাকলেও ৫০ হাজার টাকার সীমা চূড়ান্ত করবে এনবিআর।
ব্যক্তিশ্রেণির আয়কর ছাড়াও বিভিন্ন সময়ে উৎসে কর দিতে হয়। যেমন আমদানির সময় আমদানিকারককে অগ্রিম কর দিতে হয়। আমদানি মূল্যের ওপর এই কর নির্ধারিত হয়, এর পরিমাণও বেশি হয়। চালানে কর পরিশোধের সীমা বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের সুবিধা হবে।