চালু রেখেই সংস্কার করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপসী বাংলা হোটেল চালু রেখেই ধাপে ধাপে সংস্কার কার্যক্রম করার দাবি জানিয়েছেন হোটেলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়নের নেতারা এই দাবি জানান। একই সঙ্গে তাঁরা বর্তমানে কর্মরতদের চাকরি না-যাওয়ার নিশ্চয়তা চান।

রূপসী বাংলা হোটেলে গতকাল মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে হোটেলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন ও হোটেল কর্তৃপক্ষ।

তবে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন হোটেল চালু রেখে সংস্কার কার্যক্রম করার দাবিটি নাকচ করে দেন। তিনি বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্যই পুনর্নির্মাণ করা জরু​ির। তবে কোনো শ্রমিক-কর্মচারী চাকরি হারাবেন না। সরকার তাঁদের আর্থিক নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) ব্যবস্থাপনা পরিচালক লুৎফর রহমান, সচিব আবুল মনসুর, রূপসী বাংলা হোটেলের মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড,  ইউনিয়নের সভাপতি সফিউজ্জামান ও সাধারণ সম্পাদক মোস্তফা গাজী।

প্রসঙ্গত, ২০১২ সালে হোটেলটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসএলের সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সংস্কারকাজ। ১৫ মাসের সংস্কারের পর নতুন রূপের পাশাপাশি নামও বদলে যাবে, আর যাত্রা শুরু হবে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে।