চালু হচ্ছে আধুনিক কমিউটার ট্রেন
দেশের রেলবহরে খুব শিগগির যুক্ত হচ্ছে দ্রুতগতিসম্পন্ন ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ডেমো) সংবলিত কমিউটার ট্রেন।চীনের তৈরি এ ট্রেন দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি মিটারগেজ (ছোট) লাইনে চলাচল করবে। স্থানীয় রেলওয়ে সূত্রে জানা গেছে, দুমুখো ইঞ্জিনচালিত কমিউটার ট্রেনে তিনটি করে যাত্রীবাহী কোচ যুক্ত রয়েছে। ২৫০ আসনের এ ট্রেন নিকটবর্তী গন্তব্যে আসা-যাওয়া করবে। ফলে রেলওয়ের যাত্রীরা নিজ নিজ গন্তব্যে সহজে যাতায়াত করতে পারবে।সূত্রমতে, প্রাথমিক পর্যায়ে মোট ২০ সেট, অর্থাত্ ৬০টি কোচ আনা হচ্ছে। ওই ট্রেনের প্রথম চালান আগামী ২৩ মার্চ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেছে।এ ছাড়া চলতি বছরেই পশ্চিমাঞ্চলের ব্রডগেজ (বড়) লাইনের জন্য ভারত থেকে ১০ সেট, অর্থাত্ ৩০টি কমিউটার ট্রেন আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।রেলওয়ের একটি সূত্রমতে, প্রাথমিকভাবে সৈয়দপুর-লালমনিরহাট, দিনাজপুর-রংপুর, ঢাকা-ভৈরব, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বেশ কয়েকটি রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। এই কার্যক্রম সফল হলে পরবর্তী সময় রুট বাড়ানো হবে।সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মঞ্জুর-উল-আলম চৌধুরী প্রথম আলোকে জানান, ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের ওই ট্রেন চালুর লক্ষ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এসব ট্রেন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৩০ জন কর্মীকে সৈয়দপুর রেলওয়ে কারখানার শিক্ষানবিশ বিদ্যালয়ে (অ্যাপ্রেনটিস স্কুল) প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে এসব কর্মীকে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে বলে জানান তিনি।