চালু হচ্ছে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিত্তিপ্রস্তরের প্রায় ১৪ বছর পর কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) প্রায় ৩৯ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়েছে। ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। এর ফলে কেন্দ্রীয়ভাবে কুমিল্লা ইপিজেডের শিল্পকারখানার তরল বর্জ্য পরিশোধন সম্ভব হবে।
ইপিজেড প্রতিষ্ঠার ১৪ বছর পর ওই পরিশোধনাগার স্থাপন করা হয়েছে। এতে ইপিজেডের পার্শ্ববর্তী কৃষিজমি ও নানা প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে।
বর্জ্য পরিশোধনাগারটি রাসায়নিক ও জৈবিক উভয় পদ্ধতিতে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধন করতে পারবে। ২৪ ঘণ্টা এটি চালু থাকবে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৭ অনুযায়ী এর তরল বর্জ্য নির্গমন মান মাত্রা নির্ধারিত রয়েছে।
১৯৯৯ সালের মার্চ মাসে ২৬৭ দশমিক ৪৬ একর জায়গা নিয়ে কুমিল্লা ইপিজেড প্রকল্প অনুমোদন হয়। ২০০০ সালের ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইপিজেডের উদ্বোধন করেন। বর্তমানে এই ইপিজেডে ১৯টি বিদেশি, ১০টি দেশি এবং দেশি-বিদেশি যৌথ মালিকানাধীন ৩৭টি কারখানা চালু আছে। এ ছাড়া আরও ১৪টি কারখানা চালুর পথে। কিন্তু প্রতিষ্ঠার পর কুমিল্লা ইপিজেডে কোনো
ধরনের তরল বর্জ্য পরিশোধনাগার স্থাপন করা হয়নি। এ নিয়ে ইপিজেড এলাকার আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ একদল গণমাধ্যমকর্মীকে নিয়ে সরেজমিনে পরিশোধনাগারটি দেখেন।
শ্রীলঙ্কার মালিকানাধীন ব্র্যান্ডিক্স পোশাক কারখানার প্রধান পরিচালন কর্মকর্তা সেন বেল্ডসিং বলেন, পরিশোধনাগারটি স্থাপন করার কারণে এখন আর তরল বর্জ্য নিয়ে কোনো ধরনের কথা শুনতে হবে না।
জানতে চাইলে কুমিল্লা জেলা কৃষি শ্রমিক আন্দোলন মঞ্চের সভাপতি হুমায়ুন কবীর মজুমদার বলেন, ইপিজেডের কারখানার বর্জ্যের কারণে আশপাশের শত শত একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল। হারিয়ে গেছে নানা প্রজাতির মাছ। পথিকৃৎ কুমিল্লার সভাপতি শহীদুল হক স্বপন বলেন, দেরিতে হলেও সরকার একটি ভালো উদ্যোগ নিয়েছে। তবে পরিশোধনাগারটি যেন সব সময় চালু থাকে, সে ব্যাপারে খোঁজখবর রাখতে হবে।