চালু হলো ডিএসই ওয়েবসাইটের বাংলা সংস্করণ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের বাংলা সংস্করণ চালু হয়েছে। আজ সোমবার দুপুরে সাইটের বাংলা সংস্করণ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।বাংলা ওয়েবসাইটের উদ্বোধনের সময় ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে আরও বেশি স্বচ্ছতা আনতে এবং বাজার যাতে আন্তর্জাতিক মানের হয় সে লক্ষ্যে বেশ কিছু বিষয় পুনর্গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএসইতে ইংরেজি ওয়েবসাইটের পাশাপাশি বাংলা ওয়েবসাইট চালু করা হলো। এর মাধ্যমে বাংলা ভাষাভাষীরা সহজে জোনে, বুঝে বিনিয়োগের সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। বিনিয়োগকারীদের দীর্ঘ দিনের প্রত্যশা অনুযায়ী সবকিছু সহজ ও স্বচ্ছ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে স্থিতিশীলতা আনতে হলে সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। এটা সম্ভব হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা সম্ভব হবে, বাজার স্থিতিশীল হবে, বাজারে তারল্য সংকটও দূর হবে। একই সঙ্গে শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের মাধ্যমে কেউ যাতে বিনিয়োগকারীদের ঠকাতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।রকিবুর রহমান বলেন, বিনিয়োগকারীরা বাজারের প্রাণ। আর এই বাজার ঝুকিপূর্ণ। তাই ঝুকি কমানোর জন্য দেখে ও বুঝে বিনিয়োগের পরামর্শ দেন তিনি।আহমেদ রশিদ লালী বলেন, বিনিয়োগকারীদের অনেক দিনের প্রত্যাশা অনুযায়ী আজ ডিএসইতে বাংলা ওয়েবসাইট চালু করা হলো। ভাষার মাসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বাংলা ওয়েবসাইট চালু একটি ঐতিহাসিক ঘটনা। এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে বলে মনে করেন তিনি।ইংরেজির পাশাপাশি বাংলায় ওয়েবসাইট চালুর ফলে দেশে ও বিদেশে অবস্থানকারী বাংলা ভাষাভাষীরা উপকৃত হবেন বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএসইর দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্রকান্তি চৌধুরী। এ সময় সহসভাপতি মো. শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।