চালু হলো ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নিবেদিত ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে সম্মানিত করার লক্ষ্যে চালু হলো ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), মাইক্রোসফট এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রথমবারের মতো এই পুরস্কার চালু হলো।
ডেইলি স্টার মিলনায়তনে আজ সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড দেওয়ার কথা ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, আইসিটি খাত বাংলাদেশের পরবর্তী নেতৃত্ব দেবে। এই খাতে যেমন রয়েছে সরকারের কার্যকর পৃষ্ঠপোষকতা, তেমনি তরুণরাও এই খাতে ভালো করছে। তিনি বলেন, বাংলাদেশ আইসিটি খাতে বিপ্লবের জন্য প্রস্তুত। আমরা এখন থেকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এই খাতের নেতৃত্বদানকারীদের সবার সামনে তুলে ধরব। আইসিটি খাতের ইতিবাচক সংবাদ তুলে ধরার জন্য তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হুসেইন বলেন, আমাদের সেরা প্রতিষ্ঠানকে সবার সামনে তুলে ধরতে হবে। রোল মডেলগুলোকে সবার সামনে তুলে ধরলে অন্যরা উৎসাহিত হবে। এই অ্যাওয়ার্ড প্রদানের মধ্যদিয়ে অনেক আইসিটির প্রতিষ্ঠান উৎসাহিত হবে।
মাইক্রোসফটের এ দেশীয় ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, এখন সবার জীবনেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। তরুণেরা নানান প্রযুক্তি নিয়ে অগ্রসর হচ্ছে। তাঁদের সফল হওয়ার জন্য আমরা চেষ্টা করব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছয়টি বিষয়ের ওপর ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস’ দেওয়া হবে। এই খাতগুলো হচ্ছে:
১. আইসিটি সল্যুশন প্রোভাইডার অব দ্য ইয়ার—লোকাল মার্কেট ফোকাস,
২. আইসিটি সল্যুশন প্রোভাইডার অব দ্য ইয়ার—ইন্টারন্যাশনাল মার্কেট ফোকাস,
৩. আইসিটি প্রোডাক্ট অব দ্য ইয়ার,
৪. আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার,
৫. আইসিটি পারসন অব দ্যা ইয়ার
৬. ই বিজনেস অব দ্য ইয়ার
পুরস্কারের বিভাগ, মনোনয়ন ফরম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে: http://www. thedailystar. net/ICT-awards এই ঠিকানায়। মনোনয়ন ফরম ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে। প্রাপ্ত মনোনয়ন বাছাই করবেন অভিজ্ঞ জুরি বোর্ডের সদস্যরা। বিজয়ীদের নাম ২০১৬ সালের জানুয়ারি মাসে ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বেসিসের সভাপতি শামীম আহসান ও হসপিটালিটি পার্টনার লে মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক আশওয়ানী নায়ার বক্তৃতা করেন।