চালে এখনো উপেক্ষিত থাকছে পাটের বস্তা

চলতি বছরের প্রথম দিন থেকে শুধুই পাটের বস্তায় ধান ও চালের বিপণন বাধ্যতামূলক করেছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কড়া নির্দেশ ছিল, এই দুটি পণ্যে আর কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যাবে না।
কিন্তু সে নির্দেশ মানছেন না চালকলের মালিকেরা। চাল এখনো প্লাস্টিকের বস্তায় বিপণন করা হচ্ছে।
খুচরা ও পাইকারি বিক্রেতারা বলছেন, চালকল থেকে যে বস্তায় চাল পাবেন, সেই বস্তাতেই তাঁরা বিক্রি করবেন। এ ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। আর চালকলের মালিকেরা বলছেন, তাঁরাও পাটের বস্তা ব্যবহার করতে চান। এ ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয়সংখ্যক বস্তার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এর দামও কমাতে হবে। না হলে চালের দাম বেড়ে যাবে। এর প্রভাব পড়বে ভোক্তার ওপর।
সরকারের সিদ্ধান্তে খুশি হয়েছিলেন অনেক পাটকলের মালিক। কিন্তু এখনো প্লাস্টিকের বস্তায় চাল বিপণন হওয়ায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা।
২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সরকারিভাবে ধান, চাল ও গম বাজারজাত করার ক্ষেত্রে খাদ্য অধিদপ্তরই এখন শতভাগ পাটের বস্তা ব্যবহার করে। কিন্তু বেসরকারি চালকলের মালিকেরা আইনটি উপেক্ষাই করে আসছেন।
সে কারণেই ধান ও চালের মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহারে কড়াকড়ি আরোপ করে গত ২৬ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তাতে বেসরকারি চালকল ও চালের দোকানদারদের কাছে থাকা সব প্লাস্টিকের বস্তার ব্যবহার ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ ছিল।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় বলছে, চাল একটি সংবেদনশীল খাদ্যপণ্য হওয়ায় পাটের বস্তায় এর বিপণনের বিষয়ে চালকলের মালিকদের এত দিন বাধ্য করা যায়নি। কারণ, ব্যবসায়ীদের এ বিষয়ে বাধ্য করলে তাঁরা যদি সারা দেশে চালের সরবরাহ কমিয়ে দেন, তাহলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। তবে দেশি পাটকলগুলোর স্বার্থে মন্ত্রণালয় এখন কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম প্রথম আলোকে বলেন, ‘পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইনটি কয়েক বছর আগে হলেও এর প্রয়োগ এত দিন ঠিকমতো হয়নি। আইন অমান্যকারীদের এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান আছে। আমরা এখন সেদিকে যাচ্ছি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পাটের বস্তায় ধান-চালের বিপণনের বিষয়ে কঠোর হতে আমরা পয়লা জুলাই থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু রমজান মাসে এমন পদক্ষেপ না নিতে চালকল মালিক সমিতির পক্ষ থেকে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। তাদের অনুরোধে আপাতত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে না। শিগগিরই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করব।’
রাজধানীতে চালের বড় পাইকারি বাজার বাবুবাজারের একাধিক পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানের চালকল থেকে তাঁদের কাছে চাল পাঠানো হয়। এ ক্ষেত্রে চাল প্লাস্টিকের মোড়কে, না পাটের বস্তায় পাঠানো হলো, সে বিষয়টি তাঁদের হাতে নেই। তাঁরা যে বস্তায় পাবেন, সেই বস্তাতেই চাল বিক্রি করবেন। একই রকম মন্তব্য কারওয়ান বাজারের চালের আড়তের ব্যবসায়ীদেরও।
কেন পাটের বস্তায় চাল বিপণন করছেন না? জানতে চাইলে কুষ্টিয়ার বড় অটোরাইস মিল রশিদ এগ্রো প্রোডাক্টসের স্বত্বাধিকারী আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সরকার যেহেতু নির্দেশ দিয়েছে, আমরাও চটের (পাটের) বস্তায় চাল দেব। কিন্তু রাতারাতি এটা করা যাবে না। প্লাস্টিকের বস্তাটা আমরা যেমন সহজে পাই, চটের বস্তা সহজে পাই না। দামও বেশি। সরকারকেও এ বিষয়গুলো বিবেচনা করতে হবে।’
পাটকলের মালিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, পাটকলগুলোতে এখন দুই ধরনের পাটের বস্তা তৈরি হচ্ছে। যে বস্তা রপ্তানি হয়, তার দাম ৬০-৭০ টাকা। আর দেশি চাহিদা মেটাতে তৈরি হওয়া বস্তার দাম ৪২-৪৫ টাকা। অন্যদিকে একই ওজন বহনে সক্ষম প্লাস্টিকের বস্তা বাজারে কিনতে পাওয়া যায় ১৫-২০ টাকায়। সে কারণে ব্যবসায়ীদের কাছে প্লাস্টিকের বস্তা বেশ জনপ্রিয়।
নওগাঁর একটি বড় চালকলের মালিক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘৫০ কেজির একটি পাটের বস্তার দাম ৮০ টাকা। আর প্লাস্টিকের বস্তার দাম ২০ টাকা। এখন যদি পাটের বস্তায় চাল দিতে হয়, তাহলে প্রতি বস্তায় কেজিতে এক টাকা ১০ পয়সা করে দাম বাড়বে। এটা তো ভোক্তার ওপর প্রভাব ফেলবে। উৎপাদন ব্যয়ের বিষয়টাও সরকারকে দেখতে হবে।’
বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) হিসাব করে দেখেছে, খাদ্যশস্য, সার ও চিনি মোড়কীকরণ করতে বছরে ৫০-৫৫ কোটি পাটের বস্তা প্রয়োজন হবে। আর বিজেএমসি এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) বছরে ৫৫-৬০ কোটি পাটের বস্তা তৈরির ক্ষমতা আছে। কিন্তু ব্যবহার নেই বলে সেই পরিমাণ বস্তা এখন তৈরি হয় না।
জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান হুমায়ুন খালিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা (বিজেএমসি) এখন বছরে ২০-২৫ কোটি বস্তা উৎপাদন করছি। আমরা একাই ৪০ কোটি বস্তা উৎপাদন করতে পারব। কিন্তু উৎপাদন করছি না। কারণ, আমরা বস্তা নিয়ে বসে আছি, কেউ কিনছে না।’
কেন আইনটি বাস্তবায়িত হচ্ছে না? জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য না করলে তাঁরা পাটের বস্তা ব্যবহার করবেন না। এ জন্য প্রয়োজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা। জেল-জরিমানা করা হলেই তাঁরা বাধ্য হবেন।’
পাট খাতকে সহায়তা দেওয়ার জন্য ভারত সরকারও পাটের মোড়কজাতকরণ আইন ১৯৮৭ করেছে। এর আওতায় পাটের ব্যাগে বিভিন্ন খাদ্যপণ্যের মোড়কজাতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। সে দেশে আইনটির বাস্তবায়নও ভালো। ভারতের জুট কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, সে দেশে বর্তমানে ৯০ শতাংশ খাদ্যশস্য বাধ্যতামূলকভাবে পাটের বস্তায় মোড়কজাত করা হচ্ছে। আর মোট চিনির ২০ শতাংশ পাটের বস্তায় বিপণন হচ্ছে।
১ জানুয়ারি থেকে শুধুই পাটের বস্তায় ধান-চাল বিপণন করার কথা থাকলেও চালকলের মালিকেরা তা মানছেন না। তাঁরা বলছেন, পাটের বস্তার দাম বেশি এবং তা সহজলভ্য নয়
বিজেএমসি ও বিজেএমএ বলছে, চাহিদা মেটানোর সক্ষমতা তাদের আছে। কিন্তু চাহিদা কম বলে এখন বস্তার উৎপাদনও কম।
শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পরিকল্পনা আছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের।
আইন অমান্যকারীদের এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে