চালের দাম না বাড়ানোর আশ্বাস মিলমালিকদের
কুষ্টিয়ার খাজানগরে চালের মোকামে মিনিকেট চালের দাম আর বাড়ানো হবে না বলে আশ্বাস দিয়েছেন সেখানকার মিলমালিকেরা। কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হানের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন তাঁরা।
জেলা প্রশাসকের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদ, সমিতির কুষ্টিয়া শাখার সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধানসহ শীর্ষ চালকল মালিকেরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
জানতে চাইলে জেলা প্রশাসক জহির রায়হান প্রথম আলোকে বলেন, অহেতুক চালের দাম বাড়িয়েছিলেন মালিকেরা। সে জন্য তাঁদের হুঁশিয়ার করা হয়েছে।
ভবিষ্যতে এমনটা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যবসায়ী জয়নাল আবেদীন প্রধান প্রথম আলোকে বলেন, বাজারে এখন ধানের জোগান প্রায় শেষের দিকে। এমন কথা বলে চালের দাম না বাড়াতে মিলমালিকদের আহ্বান জানান জেলা প্রশাসক। তিনি বলেন, চাল ব্যবসায়ীরা জেলা প্রশাসককে আশ্বস্ত করেছেন দাম আর বাড়ানো হবে না।
গত সোমবার প্রথম আলোতে ‘কুষ্টিয়ায় চালের দাম বেড়েছে’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, খাজানগরে মিনিকেট চাল গত ১৫ দিনের ব্যবধানে কেজিপ্রতি দুই টাকা বেড়েছে। অন্যদিকে মোটা চালের দাম বেড়েছে কেজিপ্রতি চার টাকা। মিলমালিকেরা দাবি করেছিলেন, ধানের দাম বেড়ে যাওয়ায় তাঁরা চালের দাম বাড়িয়েছেন।