চালের বাজার ধরতে সিটির ১৬০০ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালের বাজারে আসছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। নারায়ণগঞ্জে তারা ১ হাজার ৬০০ কোটি টাকা বিনিয়োগে একটি চালের মিল নির্মাণ করছে। আগামী জানুয়ারিতেই তারা সুদৃশ্য মোড়কে তীর ব্র্যান্ডের সাধারণ চাল ও সুগন্ধি চাল বাজারে নিয়ে আসতে চায়।
তাদের চালের মিলে কুঁড়া থেকে ভোজ্যতেল বা রাইস ব্র্যান অয়েল উৎপাদনেরও ব্যবস্থা থাকবে। ফলে আসছে বছরে চালের পাশাপাশি রাইস ব্র্যান অয়েলের বাজারেও প্রবেশ করছে সিটি।
বর্তমানে দেশের ভোজ্যতেল, চিনি ও আটার বাজারের বড় অংশ সিটি গ্রুপের দখলে। তাদের মুরগি ও মাছের খাবার উৎপাদনের কারখানাও আছে। এসব পণ্য উৎপাদনে সহযোগী শিল্প হিসেবে তারা প্লাস্টিক ব্যাগ, বোতল, টিনের ক্যানসহ বিভিন্ন পণ্যের কারখানা গড়ে তুলেছে।
নতুন করে চালের ব্যবসায় আসার কারণ জানতে চাইলে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমরা আমাদের পরিবেশকদের বিভিন্ন ধরনের ভোগ্যপণ্য সরবরাহ করছি। এর সঙ্গে চাল যুক্ত হলে পরিবেশকেরা একটি ট্রাকে করে অল্প অল্প পরিমাণে সব ধরনের পণ্য নিয়ে যেতে পারবে। এতে তাদের খরচ কমবে।’
বাংলাদেশে বছরে প্রায় সাড়ে ৩ কোটি টন চাল উৎপাদিত হয়। ধান থেকে চাল উৎপাদনের জন্য প্রচুর স্বয়ংক্রিয় মিল গড়ে উঠেছে। তবে সুদৃশ্য মোড়কে সাধারণ চাল মোড়কজাত করে ব্র্যান্ডিং করছে গুটি কয়েক প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে এরিস্টোক্র্যাট এগ্রো, প্রাণ-আরএফএল গ্রুপ, আড়ং, এসিআইসহ বেশ কিছু করপোরেট প্রতিষ্ঠান। এরা মূলত চালের দুটি জনপ্রিয় জাত নাজিরশাইল ও মিনিকেট বাজারজাত করছে। তবে সাধারণ চালের বাজারে না থাকলেও চাষী ব্র্যান্ডে সুগন্ধি চাল বাজারজাত করছে স্কয়ার কনজ্যুমার প্রোডাক্টস।
এসব করপোরেটদের পাশাপাশি রশিদ, মোজাম্মেল, এরফান, সাগর, বিশ্বাস, ফারুক ফ্রেশ, মঞ্জুর, আনোয়ারসহ বিভিন্ন চালের মিল ৫০ কেজির বস্তায় চাল বিক্রি করতে করতে নিজেদের একটি ব্র্যান্ড মূল্য তৈরি করেছে।
চালের বাজারে প্রবেশ করা করপোরেট প্রতিষ্ঠানগুলো বলছে, দেশের উচ্চ ও মধ্যম আয়ের মানুষের মধ্যে ভাত খাওয়ার পরিমাণ কমছে। তবে তারা আরও উন্নত মানের এবং সুদৃশ্য মোড়কে চাল কিনতে চাইছে। এ কারণেই করপোরেটরা চালের বাজারে আসছে।
নতুন করে সিটি গ্রুপ যুক্ত হওয়ায় ব্র্যান্ডের চালের বাজারে প্রতিযোগিতা আরও বাড়বে। সিটি জানিয়েছে, তাদের চাল উৎপাদনক্ষমতা হবে দৈনিক ১ হাজার ৫০০ টন। কুঁড়া থেকে রাইস ব্র্যান অয়েল উৎপাদনের জন্য তাদের স্থাপিত মিলের উৎপাদন ক্ষমতা হবে দৈনিক ৩০০ টন। সিটি মনে করছে, তারা তাদের সয়াবিন ও পাম তেলের পরিবেশকদের মাধ্যমে সহজেই রাইস ব্র্যান অয়েল বাজারে ছড়িয়ে দিতে পারবে।
চালের মিলের জন্য সিটি যন্ত্রপাতি কিনেছে সুইজারল্যান্ডের বুলার গ্রুপের কাছ থেকে। যারা খাদ্যপণ্য উৎপাদনের যন্ত্রপাতি তৈরিতে বিশ্বখ্যাত। বিশ্বজিৎ সাহা বলেন, তাঁদের মিলটি হবে অত্যাধুনিক ও বাংলাদেশের সেরা মানের। এ মিলে উন্নত মানের চাল উৎপাদন করা যাবে।
সিটি গ্রুপের বর্তমানে দৈনিক ৫ হাজার টন উৎপাদনক্ষমতার চিনির মিল আছে। এ মিলটি দেশের মোট চাহিদার সমপরিমাণ চিনি উৎপাদন করতে পারে। তবে তারা উৎপাদন করছে প্রায় ৩ হাজার টন চিনি। সিটির ভোজ্যতেল উৎপাদনক্ষমতা দৈনিক ৩ হাজার টন। উৎপাদন করতে পারছে ২ হাজার টনের কাছাকাছি।
বিশ্বজিৎ সাহা বলেন, তাঁদের চালের মিলটি নারায়ণগঞ্জে ৫২ বিঘা জমিতে প্রতিষ্ঠা করা হচ্ছে। এর পাশেই দৈনিক ৫০০ টন উৎপাদনক্ষমতার একটি ডাল মিলও নির্মাণ করছেন তাঁরা। ভবিষ্যতে প্যাকেটজাত মসুর ডালের বাজারে আসবে সিটি। তিনি বলেন, ‘এখন আমরা দৈনিক প্রায় ৮ হাজার টন পণ্য সরবরাহ করছি। চাল-ডাল এলে এর পরিমাণ আরও বাড়বে।’