চালেরও ব্র্যান্ডিং হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কৃষকের উৎপাদিত ধান কিনে মিলের মালিকেরা চাল উৎপাদন করেন। সেই চাল আড়ত ঘুরে পৌঁছায় খুচরা বিক্রেতাদের হাতে। যুগ যুগ ধরে এভাবেই চলছিল দেশের চালের ব্যবসা। কিন্তু করপোরেট প্রতিষ্ঠানগুলো চালের বাজারে প্রবেশ করে সনাতনী ব্যবসার ধরন পাল্টে দিচ্ছে। সুগন্ধি চালের পরে এবার ব্র্যান্ডিং হচ্ছে ভাতের চালেরও।
দেশের বাজারে মিনিকেট ও নাজিরশাইল জাতের চাল ব্র্যান্ডিং করছে প্রাণ, এরিস্টোক্র্যাট এগ্রো, আড়ং, এসিআইসহ বেশ কিছু করপোরেট প্রতিষ্ঠান। চালের বড় বড় মিলমালিকেরাও এখন নিজেদের ব্র্যান্ড তৈরি করছেন।
উদ্যোক্তারা বলছেন, ব্র্যান্ডিংয়ের মাধ্যমে নিজেদের একটি ক্রেতাগোষ্ঠী তৈরি হচ্ছে, যারা ওই নির্দিষ্ট ব্র্যান্ড ছাড়া অন্য চাল কিনবে না। অন্যদিকে ব্র্যান্ড মূল্যের (ভ্যালু) কারণে ক্রেতারাও তাদের ওপর আস্থা রাখতে পারবে।
দেশের মধ্যম ও উচ্চ আয়ের মানুষ বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধি চাল কিনতে অভ্যস্ত। অলিগলির ছোট মুদিদোকানেও এখন বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুঁড়া ও কালিজিরা চাল মেলে। অন্যদিকে ব্র্যান্ডের মিনিকেট, নাজিরশাইল, বিআর-২৮ ও স্বর্ণা চাল মিলছে সুপারশপ ও বড় বাজারের বড় বড় দোকানে। ভবিষ্যতে এর বাজার আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

চালের ব্র্যান্ডিংয়ে আসা কোম্পানিগুলো বলছে, দেশে শহরকেন্দ্রিক একটি ক্রেতাশ্রেণি গড়ে উঠেছে; যারা মুটিয়ে যাওয়ার ভয়ে ভাত তুলনামূলক কম খায়, কিন্তু ভালো মানের চাল কিনতে চায়। এ বাজারটি বড় হচ্ছে।

সাধারণ চালের বাজারেও হচ্ছে আরেক ধরনের ব্র্যান্ডিং। বড় বড় স্বয়ংক্রিয় চাল মিলের মালিকেরা তাঁদের মিলের নামে ৫০ কেজির বস্তায় বাজারজাত করতে করতে একেকটি ব্র্যান্ড গড়ে তুলেছেন। এখন অনেক পরিবারই মাসের চাল কিনতে গেলে ওই ব্র্যান্ডের চাল খোঁজে। এদের মধ্যে আছে রশিদ, মোজাম্মেল, এরফান, সাগর, বিশ্বাস, ফারুক ফ্রেশ, মঞ্জুর, আনোয়ারসহ বিভিন্ন ব্র্যান্ড।

করপোরেট প্রতিষ্ঠানের মধ্যে চালের ব্র্যান্ডিংয়ে বড় প্রতিষ্ঠান প্রাণ। প্রতিষ্ঠানটি দাবি করেছে, তারাই ১৯৯৭ সালের দিকে প্রথম প্যাকেটজাত সুগন্ধি চাল বাজারে আনে। এখন তাদের সুগন্ধি জাতের চিনিগুঁড়া ও কালিজিরা চাল ছাড়াও মিনিকেট ও নাজিরশাইল জাতের চাল আছে। ভাতের চাল তারা ৫ কেজি ও ২০ কেজির প্যাকেট এবং ৫০ কেজির বস্তায় বাজারজাত করে। তালিকাভুক্ত চাষিদের মাধ্যমে ধান চাষ হওয়ার পর তাদের চাল উৎপাদিত হয় ঈশ্বরদীতে নিজস্ব মিলে।

প্রাণের নির্বাহী পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল প্রথম আলোকে বলেন, প্রাণের চাল স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদিত হয়। এখানে অযাচিত উপাদান থাকে না। তিনি জানান, ছোট পরিবারের জন্য তাঁরা ৫ কেজির প্যাকেট ও মাঝারি পরিবারের জন্য ২০ কেজির প্যাকেটে চাল বিক্রি করছেন। এগুলোই বেশি বিক্রি হচ্ছে।

ব্র্যান্ডেড চালের বাজারে বৈচিত্র্য এনেছে এরিস্টোক্র্যাট এগ্রো লিমিটেড। তারা সুগন্ধি ও সাধারণ চালের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী চাল প্যাকেটজাত করে বাজারে এনেছে। তাদের ব্র্যান্ড নাম ‘লিলি ফ্লাওয়ার’। এই ব্র্যান্ড নামে তারা মিনিকেট, নাজিরশাইল, বিআর-২৮, স্বর্ণা ও আতপ চাল বাজারজাত করছে। চালের বাজারে এসব ভাতের চাল নিয়ে তারা সাত-আট মাস আগে প্রবেশ করেছে।

এর আগে তারা বিন্নি ও বিরই জাতের দুটি ঐতিহ্যবাহী চাল, ডায়াবেটিক রোগীদের উপযোগী লো জিআই (কম গ্লাইসিমিক ইনডেক্স) ও ব্রাউন রাইস বাজারজাত করত।

এরিস্টোক্র্যাট এগ্রোর ব্যবসা পরিচালনা বিভাগের প্রধান মো. দানেশ বিন ওয়ালী বলেন, কৃষকদের কাছ থেকে ধান কিনে এরিস্টোক্র্যাট নিজেদের মিলে চাল উৎপাদন করে। তিনি বলেন, ব্র্যান্ডের চাল কিনলে ক্রেতারা আস্থা রাখতে পারে। কারণ তারা জানে, ব্র্যান্ডের চালে কোনো ভেজাল থাকবে না। ভাঙা চাল কম থাকবে।

মাস তিনেক আগে এসিআই নওগাঁয় তাদের চালের মিল চালু করেছে। তাদের দাবি, এটি দেশের সবচেয়ে বড় ও অত্যাধুনিক চালের মিল। এ মিলে উৎপাদিত এসিআই প্রিমিয়াম মিনিকেট চাল বাজারে ছেড়েছে তারা। ৫ কেজির সুদৃশ্য মোড়কে ওই চাল বাজারে বিক্রি হতে দেখা গেছে।

এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর প্রথম আলোকে বলেন, তিন মাসেই এসিআই ব্র্যান্ডের চাল ভালো সাড়া ফেলেছে। তাঁরা শিগগিরই নাজিরশাইলসহ অন্যান্য জনপ্রিয় জাতের চাল বাজারে নিয়ে আসবেন। ডিসেম্বরে আসবে সুগন্ধি চাল।

দেশে ব্র্যান্ডের চালের একটি বাজার তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষ চায় ভালো পণ্য। এ কারণে আমরা মানের দিকে বিশেষ নজর দিয়েছি। এসিআইয়ের মিনিকেট অন্য চাল ছেঁটে তৈরি করা হয় না, হবেও না। আমাদের চালের মান খারাপ হলে অন্যান্য পণ্যেও এর প্রভাব পড়বে।’

সুপার শপগুলোও নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে। এর মধ্যে স্বপ্ন, মীনা বাজার নিজেদের ব্র্যান্ডে মিনিকেট, নাজিরশাইলসহ
বিভিন্ন চাল বিক্রি করছে বলে জানা গেছে।

ব্র্যান্ডের ভাতের চালের বাজার এখনো মূলত সুপারশপকেন্দ্রিক। এর সম্ভাবনা কেমন জানতে চাইলে সুপারশপ আগোরার বিপণনপ্রধান সামির মোহাম্মদ সালেহ বলেন, ব্র্যান্ডের সুগন্ধি চালের একটা বড় বাজার ইতিমধ্যে তৈরি হয়েছে। তবে সাধারণ চালের ব্র্যান্ডিং সবে শুরু হলো। এর বাজার বাড়াতে দাম একটা বড় বিষয়। কারণ প্যাকেট করলেই খরচ বেড়ে যায়।