চাষি লোকসানে, ক্রেতাও অস্বস্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেল বছরের এই সময়ে রাজধানীর বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হয়েছিল মানভেদে ২০-৩০ টাকায়। প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ৩০-৪০ টাকা। কিন্তু এখন বাজারে বেগুন ২৫-৪৫ এবং কাঁচা মরিচ ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অথচ উত্তরাঞ্চলের পাইকারি বাজারে বেগুন, কাঁচা মরিচ ও অন্যান্য সবজি বিক্রি করে উৎপাদন খরচই তুলতে পারছেন না চাষি। অবরোধের কারণে সবজিবাহী ট্রাক ঢাকায় আসতে না পারায় পাইকারি বাজারে পাইকারও কম। যে ট্রাকগুলো আসছে, তাতে ভাড়া নেওয়া হচ্ছে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। এ কারণে চাষি কম দামে সবজি বিক্রি করলেও এর সুফল পাচ্ছেন না ক্রেতারা। ফলে দাম বাড়ছে। অবরোধের কারণে সরবরাহ কম থাকায় চালসহ অন্যান্য নিত্যপণ্যের দামও বাড়তির দিকে।
বছরের এই সময়ে বাজারে শীতকালীন সবজি প্রচুর থাকে বলে দামও থাকে কম। কিন্তু অবরোধের কারণে এবার দাম কমেনি, বরং দাম কিছু বেড়েছে। তবে তা এখনো সহনীয় পর্যায়ে আছে।
দেশের সবজির অন্যতম বড় আড়ত বগুড়ার মহাস্থান বাজারে গতকাল রোববার প্রতি কেজি শিম বিক্রি হয় ছয় টাকায়। সেই শিম ঢাকার বড় পাইকারি বাজার কারওয়ান বাজারে বিক্রি হয় ১২-২০ টাকায়। আর রামপুরা ও নারিন্দার খুচরা বাজারে বিক্রি হয় ২০-৩০ টাকায়। অবরোধের আগে শিমের দাম ছিল ২০-২৫ টাকা।
মহাস্থান বাজারে গতকাল ১০ টাকা কেজি দরে বিক্রি হওয়া টমেটো কারওয়ান বাজারে বিক্রি হয় ১৫-২০ টাকায়। খুচরা বাজারে দাম ছিল ৩০-৪০ টাকা।
প্রতিটি বাঁধাকপি ও ফুলকপি মহাস্থান বাজারে তিন টাকায় বিক্রি হলেও কারওয়ান বাজারে ৭-১০ টাকা এবং খুচরা বাজারে ১৫-২৫ টাকায় বিক্রি হয়েছে।
রাজধানীর খুচরা বাজারগুলোতে প্রতি কেজি বেগুন মানভেদে বিক্রি হয় ২৫-৪০ টাকায়। অথচ কারওয়ান বাজারে ছিল ১৫-২২ টাকা। আর মহাস্থান বাজারে বিক্রি হয় ১৪-২০ টাকায়। মহাস্থান বাজারে ৩-৪ টাকায় বিক্রি হওয়া মুলা কারওয়ান বাজারে ৮-১২ এবং খুচরা বাজারে ২০-২৫ টাকায় বিক্রি হয়েছে।
কারওয়ান বাজার ও মহাস্থান বাজারের আড়তমালিকেরা জানান, অবরোধের আগে মহাস্থান থেকে ঢাকার ট্রাকভাড়া ছিল ১৭ হাজার টাকা। এখন ৩০-৪০ হাজার টাকা। আবার ট্রাকও চলছে কম। মহাস্থান থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ১০০ থেকে ১২৫টি ট্রাক সবজি নিয়ে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে যায়। গত শনিবার গেছে ২৫ থেকে ৩০টি ট্রাক।
কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বলেন, বাড়তি ট্রাকভাড়া তো সবজির ওপর পড়বে। আবার চাহিদার তুলনায় সবজির আমদানিও কম। এ কারণে দাম একটু বেড়েছে।
বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৩৪-৩৫ টাকায়। অবরোধের আগে তা বিক্রি হতো ৩৩-৩৪ টাকায়। চিকন চাল (নাজিরশাইল-মিনিকেট) বিক্রি হচ্ছে ৪৬-৫৫ টাকায়। এর দাম বেড়েছে কেজিতে ২-৩ টাকা।
বাবুবাজারের পাইকারি চাল ব্যবসায়ীরা বলছেন, কুষ্টিয়া, নওগাঁ, দিনাজপুরসহ বিভিন্ন স্থানের চালকল থেকে চাল সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তাঁরা দামও বাড়িয়ে দিয়েছেন। ঢাকায় চাহিদামতো চাল আসছে না। ফলে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম ২-৩ টাকা বেড়েছে। অবরোধের আগে ৪২-৪৩ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি মিনিকেট ৪৬-৪৭, ৪৯-৫০ টাকায় বিক্রি হওয়া নাজিরশাইল ৫০-৫২ এবং ৩২-৩৩ টাকার লতা ৩৫-৩৬ টাকায় বিক্রি হচ্ছে।
বাবুবাজারের রশিদ রাইস এজেন্সির মালিক মনির হোসেন বলেন, বাবুবাজারে প্রতিদিন গড়ে ৭০-৮০ ট্রাক চাল আসত। এখন আসে ১০-১২টি। ট্রাকভাড়া ৮-১০ হাজার টাকা বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। মোকামগুলোতে প্রচুর চাল মজুত আছে। কিন্তু হরতাল-অবরোধের কারণে আসতে পারছে না। এই অবস্থা চলতে থাকলে দাম আরও বাড়বে।
বেড়েছে ডালের দামও। অবরোধের আগে প্রতি কেজি দেশি মসুর ডাল মানভেদে ১১০-১১৫ টাকায় বিক্রি হতো। এখন বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। কেজিতে ৮-১০ টাকা বেড়ে নেপালি ক্যাঙারু ডাল ১২০ টাকা, তুরস্কের মসুর মাঝারি দানা ৯৫-১০০ টাকা ও বড় দানা ৯০-৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইটে দেখা যায়, খোলা ও বোতলজাত সয়াবিন তেল, পাম তেল, দেশি মুরগি, আদা এবং আলুর দাম বেড়েছে।
বেশি বেড়েছে খোলা সয়াবিন তেলের। অবরোধের আগে এই তেল প্রতি লিটার ৮৬-৮৮ টাকায় বিক্রি হতো, এখন হচ্ছে ৯৮-১০৩ টাকায়। দাম বেড়েছে পাঁচ লিটারের বোতলজাত তেলেরও। ৪৮০-৫১০ টাকায় বিক্রি হওয়া তেলের দাম এখন ৪৯০-৫২০ টাকা। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ৬২-৬৪ টাকা থেকে বেড়ে ৬৪-৬৬ টাকা হয়েছে।
অবরোধের আগে আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হতো ৩০-৪০ টাকায়, তা এখন ৩৫-৪০ টাকা। ৮০-৮৫ টাকায় বিক্রি হওয়া রসুনের দাম এখন ৮৫-১০০ টাকা। খোলা আটার দামও বেড়েছে। অবরোধের আগে এক কেজি আটার দাম ২৮-৩২ টাকা থাকলেও এখন ৩৩-৩৪ টাকা।