চাহিদা কমছে পোলট্রি মুরগির
পোলট্রি মুরগিতে বিষাক্ত ক্রোমিয়াম মিলছে; যা ক্যানসার রোগের একটি কারণ। মুরগির খাবারে ট্যানারির বর্জ্য ব্যবহারেই এটি হচ্ছে। তা ছাড়া মুরগির দ্রুত বর্ধনের জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকর হরমোন ও অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে।
এসব নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পোলট্রি মুরগি নিয়ে ভোক্তাদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং চাহিদাও কিছুটা কমে গেছে, যে কারণে উৎপাদন কমেছে। গত বছরের জুলাইয়ে প্রতিদিন যেখানে এক কোটি ২৮ লাখ মুরগির বাচ্চা উৎপাদিত হতো, সেখানে এখন হচ্ছে এক কোটি ১৮ লাখ।
সারা দেশে বর্তমানে ৭০ হাজারের মতো খামার আছে; যেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। পোলট্রিশিল্পে এ পর্যন্ত বিনিয়োগ হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা।
বিষাক্ত খাবার ব্যবহারের বিষয়টি নিয়ে খাতটি কঠিন সময়ই পার করছে। এটি স্বীকার করে পোলট্রিশিল্পের উদ্যোক্তারা বলছেন, গত দুই বছরে প্রবৃদ্ধি ১০ শতাংশের নিচে নেমে গেছে। একই সঙ্গে তাঁরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী মুরগির খাবারে বিষাক্ত উপাদান মেশাচ্ছেন; আর অভিযোগের আঙুল উঠছে সবার দিকে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারা দেশে মুরগির জন্য যে খাবার ব্যবহার করা হয়, তার মাত্র ৫ শতাংশ ঝুঁকিপূর্ণ। দেশে ৭০ থেকে ৭৫টি আধুনিক মানের পোলট্রি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে।
এ প্রসঙ্গে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘১৯৯১ সাল থেকেই এ বিষয়ে আমরা সোচ্চার। অল্প কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সবার দিকে আঙুল ওঠে। সবাই ক্ষতিগ্রস্ত হন।’ সমিতির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিয়েছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের তো কারও ব্যবসাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার অধিকার নেই। তবে আমরা এ ধরনের তথ্য পেলে র্যাব-পুলিশকে জানাই। মাস দুয়েক আগেও হাজারীবাগের দুটি মুরগির খামার বন্ধ করে দিয়েছে র্যাব।’
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার এক গোলটেবিল আলোচনা শেষে সমিতির নেতা ও উদ্যোক্তারা এসব তথ্য জানান। বাংলাদেশ পোলট্রিশিল্প সমন্বয় কমিটি আয়োজিত এই আলোচনায় এ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, পোলট্রিশিল্প গত এক দশকে বেশ অগ্রগতি অর্জন করলেও এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে।
চাহিদা ও উৎপাদনের মধ্যে পার্থক্য, মুরগি নিয়ে জনগণের মধ্যে আতঙ্ক, বার্ড ফ্লুসহ নানা কারণে এ খাতের উদ্যোক্তারা লোকসানের মুখে পড়ছেন। এসব তথ্য দিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, প্রথমে পণ্যের মান নিশ্চিত করতে হবে। তারপর জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গণমাধ্যমের সহযোহিতা নিতে হবে। সব মিলিয়ে পোলট্রিশিল্পের ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হবে।
ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে রহিম খান বলেন, ‘পোলট্রি বোর্ড হলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সমস্যা চিহ্নিত করে নীতি গ্রহণ এবং চাহিদা ও জোগানের মধ্যে সমন্বয় করা সহজ হবে। কারণ, এখানে ভোক্তাসহ সব পক্ষের লোকই থাকবে।
এদিকে পোলট্রিশিল্পের বিকাশে গণমাধ্যমের সহযোহিতা বিষয়ে প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ইতিবাচক খবরের পাশাপাশি শিল্পের নেতিবাচক তথ্যও তুলে ধরতে হবে। তবেই এ খাতের দুর্বলতা দূর করা যাবে।
বৈঠকে আরও বক্তব্য দেন বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, ঢাকা ট্রিবিউন–এর সম্পাদক জাফর সোবহান, কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান, গণমাধ্যমকর্মী রেজাউল করিম সিদ্দিকী, পোলট্রিশিল্প সমন্বয় কমিটির আহ্বায়ক মশিউর রহমান প্রমুখ। সমন্বয়ক ছিলেন যমুনা টিভির হেড অব নিউজ জাকারিয়া কাজল।