চাহিদা বাড়ছে হেলিকপ্টারের
ঘটনাটি গত বছরের জুলাই মাসের তৃতীয় সপ্তাহের। বাংলাদেশে এসেছিলেন বিশ্ববিখ্যাত পুমা ব্র্যান্ডের প্রতিনিধি পিটার ডেকোরেট ও ইলহান। উঠেছিলেন রাজধানীর পাঁচ তারকা র্যাডিসন হোটেলে। বাংলাদেশে তাঁরা আসেন নারায়ণগঞ্জে ফকির অ্যাপারেলসের কারখানা পরিদর্শন করতে।কিন্তু পরিদর্শনের জন্য নির্ধারিত ২০ জুলাই বিপত্তি ঘটল। সেদিন রাজধানীজুড়েই তীব্র যানজট ও জলজট ছিল। এই জলজট ও আর যানজট পেরিয়ে সড়কপথে তিন ঘণ্টার বেশি সময় ব্যয় করে নারায়ণগঞ্জে গিয়ে পৌঁছালেন বিদেশি অতিথিরা।যানজট ও জলজটের বিড়ম্বনায় পুমার প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই বিরক্ত ও অসন্তুষ্ট হন। গুরুত্বপূর্ণ বিদেশি ক্রেতাদের স্বার্থে ফেরত যাওয়ার সময় বিড়ম্বনা এড়াতে ফকির অ্যাপারেলস কর্তৃপক্ষ বাধ্য হয় হেলিকপ্টার ভাড়া করতে। সাউথ এশিয়ান এয়ারলাইনসের সেই হেলিকপ্টারে চড়ে মাত্র ১৫ মিনিটে ঢাকায় হোটেলে ফিরে আসেন পুমার প্রতিনিধিরা। র্যাডিসন হোটেলে পৌঁছান তাঁরা। সামপ্রতিক সময়ে এ রকম একাধিক ঘটনা ঘটেছে। বিশেষত তৈরি পোশাক খাতের বিদেশি ক্রেতারা ঢাকায় এসে কারখানা পরিদর্শনে গেলে যানজটের কারণে বিব্রত হতে হয় শিল্পমালিকদের। আর এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে অনেক সময় বেসরকারি হেলিকপ্টার সার্ভিসের শরণাপন্ন তাঁরা। তাই বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শনের জন্য পরিবহনে হেলিকপ্টার ভাড়ার প্রবণতা বাড়ছে। এখন প্রতি মাসে এ জন্য চার-পাঁচটি ট্রিপ পেয়ে থাকেন বেসরকারি খাতের হেলিকপ্টার চালনাকারীরা।শুধু বিদেশি ক্রেতা বহন নয়, শখ মেটাতেও হেলিকপ্টার ব্যবহার বাড়ছে। গত ২২ সেপ্টেম্বর হেলিকপ্টারে চড়ে মৌলভীবাজার শহরে বিয়ে করতে আসেন যুক্তরাজ্য-প্রবাসী মো. ইউসুফ। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তিনি দুপুরে হেলিকপ্টারে ওঠেন। আবার বিকেলের মধ্যেই কনে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। এমন অনেক প্রবাসী বাংলাদেশি শখের বশে নিজের বিয়েতে হেলিকপ্টার ভাড়া করে থাকেন। অন্যদিকে প্যাকেজ নাটক, সিনেমা বা গানের শুটিং করতে হেলিকপ্টারের ব্যবহারও বাড়ছে।যদিও গত এক দশকে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সার্ভিস চালু করেছিল। তার মধ্যে এখন মাত্র দুটি প্রতিষ্ঠান সচল রয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো স্কয়ার এয়ার লিমিটেড ও সাউথ এশিয়ান এয়ারলাইনস লিমিটেড। ১৯৯৯ সালে বেসরকারি উদ্যোগে প্রথম বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সার্ভিস চালু করে সাউথ এশিয়ান এয়ারলাইনস। সাউথ এশিয়ান এয়ালাইনসের ব্যবস্থাপনা পরিচালক শমসের আলী সম্প্রতি এই প্রতিবেদককে জানান, বিদেশি ক্রেতাদের কারখানা পরিদর্শনের সময় গার্মেন্টস মালিকেরা হেলিকপ্টার ভাড়া করছেন। কয়েক মাস ধরে প্রতি মাসে গড়ে তিন-চারটি ট্রিপ পাওয়া যাচ্ছে। তবে এসব ট্রিপ ঢাকার আশপাশে হওয়ায় ফ্লাইং আওয়ার এক-দেড় ঘণ্টার বেশি হয় না। অন্যদিকে ছয় আসনবিশিষ্ট হেলিকপ্টার থাকায় কয়েক মাস ধরে বিদেশি ক্রেতাদের চলাচলের জন্য স্কয়ার এয়ারের হেলিকপ্টারের চাহিদা বেড়েছে। তবে যেটুকু চাহিদা তৈরি হয়েছে, এখনো হেলিকপ্টার ব্যবসাকে লাভজনক করার জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন মালিক ও পরিচালনাকারী। সাউথ এশিয়ান এয়ারলাইনস এখনো পরিচালন ব্যয় মিটিয়ে মুনাফা তুলতে পারছে না। আর স্কয়ার এয়ার কোনো মাসে ব্রেক ইভেনে (না লাভ-না লোকসান) যেতে পারছে, আবার কোনো মাসে পারছে না। জানা গেছে, প্রতি মাসে উড্ডয়নকাল ৪০ থেকে ৪৫ ঘণ্টা হলে স্কয়ার এয়ার ব্রেক ইভেনে থাকে। অর্থাৎ প্রতি মাসে ৪০ থেকে ৪৫ ঘণ্টার বেশি ভাড়ায় চললে মুনাফা যোগ হওয়া সম্ভব। প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন্স) ও প্রধান পাইলট আবু জাফর বলেন, ‘মূলত মুমূর্ষু রোগীদের আনার জন্যই এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে হেলিকপ্টার সার্ভিসটি শুরু করি। তবে আমরা এই সেবাটি ছাড়াও দেশের যেকোনো স্থানে যাত্রী পরিবহন করে থাকি।’স্কয়ার এয়ারের ছয় আসনবিশিষ্ট বেল ৪০৭ মডেলের একটি হেলিকপ্টার রয়েছে। প্রতি ঘণ্টায় ভাড়া এক লাখ টাকা। কোথাও যাত্রাবিরতি (গ্রাউন্ড ওয়েটিং) মাশুল প্রতি ঘণ্টায় ছয় হাজার টাকা। এসব মাশুলের সঙ্গে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আছে। অন্যদিকে ১৯৯৯ সালে যাত্রা শুরু করলেও সাউথ এশিয়ান এয়ারলাইনস এখনো ব্রেক ইভেনে যেতে পারেনি বলে দাবি করেছেন এই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতি মাসে উড্ডয়ন ঘণ্টা ৬০ ঘণ্টার কম হলে মুনাফা হয় না। তবে এখন প্রতি মাসে গড়ে ১৯-২০ ঘণ্টা চলে। জ্বালানি তেলের দাম বাড়ায় হেলিকপ্টারের ভাড়াও বাড়ছে। সাউথ এশিয়ান এয়ারলাইনসের হেলিকপ্টার ভাড়া ঘণ্টাপ্রতি ৫৫ হাজার টাকা। তবে শুটিং কিংবা লিফলেট বিতরণসহ অন্য কাজে প্রতি ঘণ্টায় এই অর্থের সঙ্গে আরও ৩০ শতাংশ বেশি টাকা দিতে হয়। এর সঙ্গে অপেক্ষা মাশুলসহ অন্যান্য মাশুলও রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জানান, প্রতিবছর প্রায় এক কোটি টাকার ক্ষতির মুখোমুখি হচ্ছে সাউথ এশিয়ান এয়ারলাইনস। গত কয়েক বছরে জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়েছে। এ ছাড়া অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় নেহাত বিপদে না পড়লে এই সার্ভিসটি নিতে চান না কেউ। কিংবা বিব্রতকর পরিস্থিতি এড়াতে অনেকে হেলিপ্টার ভাড়া করে থাকেন। একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক চৌধুরী ফজলে সোহান জানান, রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় ধনীরা আর জরুরি প্রয়োজনে সড়কপথে ঢাকার বাইরে যেতে আগ্রহী হন না। এ জন্য তাঁরা হেলিকপ্টার সার্ভিসগুলোর শরণাপন্ন হন। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মূলত হেলিকপ্টার সার্ভিস অত্যন্ত ব্যয়বহুল। ধনাঢ্য-অভিজাত শ্রেণীর মানুষই সাধারণত রোগী আনার ক্ষেত্রে হেলিকপ্টার ভাড়া করেন। আর ব্যবসায়ীরা অতি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আনা-নেওয়ায় হেলিকপ্টার ব্যবহার করেন। গত ১২ বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান হেলিকপ্টার ব্যবসা চালু করলেও টিকে থাকতে না পেরে অনেকে তা গুটিয়ে নিয়েছে। ২০০০ সালে অ্যারো টেকনোলজিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সার্ভিস চালু করে। কিন্তু গ্রাহক না পেয়ে ২০০৮ সালে সেবাটি বন্ধ করে দেয়। বেস্ট এয়ার ২০০২ সালে হেলিকপ্টার সার্ভিস চালু করে কয়েক মাস পরই বন্ধ করে দেয়। নিটোল গ্রুপের নিটোল এভিয়েশন সার্ভিস লিমিটেড বেশ ঢাকঢোল পিটিয়ে ব্যবসা চালু করলেও এখন নিষ্ক্রিয় রয়েছে। আর ২০০৬ সালে তিনটি হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু করলেও এখন আর অস্তিত্ব নেই বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনস লিমিটেডের। অবশ্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান নতুনভাবে এই ব্যবসায় আসতে যাচ্ছে বলেও জানা গেছে। এই খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পিএইচপি গ্রুপ, শিকদার গ্রুপ ও মেঘনা গ্রুপ বাণিজ্যিকভাবে হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনা করছে।