দেশে নবায়নযোগ্য জ্বালানির প্রচুর উৎস আছে। দেশে যে হারে বিদ্যুতের চাহিদা বাড়ছে, তা মেটাতে হলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে যেতেই হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল সোমবার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আয়োজিত এক সেমিনারে বক্তারা এমন মত দিয়েছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং জার্মান সংস্থা ফ্রেডরিক নওম্যান স্টিফটাং (এফএনএস) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও সাফল্য নিয়ে আলোচনার জন্যই সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘আমাদের যত সোলার হোম সিস্টেমস (বাসাবাড়িতে ব্যবহার হওয়া সৌর প্যানেল) আছে, তা বিশ্বের অন্য দেশগুলোর মোট সোলার হোম সিস্টেমসের চেয়ে বেশি। শিগগিরই আমাদের সোলার হোম সিস্টেমসের সংখ্যা অস্ট্রেলিয়ার জনসংখ্যাকে ছাড়িয়ে যাবে।’
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমাদের পৌরসভা, সিটি করপোরেশনে প্রচুর বর্জ্য আছে। সেটাকে জ্বালানিতে রূপান্তর করা যায়। বিভিন্ন সময় অনেক কোম্পানি এসেছে, এ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছে। কিন্তু শেষ পর্যন্ত আর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়নি।’
অনুষ্ঠানে জানানো হয়, দেশে এখন সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে। এর বড় অংশই বাসাবাড়িতে ব্যবহার হওয়া সৌর প্যানেল থেকে এসেছে। এ পর্যন্ত দেশের ৪০ লাখের বেশি এমন সৌর প্যানেল বসানো হয়েছে। ২০০৯ সাল থেকেই প্রতি মাসে ৫০ হাজারের বেশি সৌর প্যানেল বসানো হচ্ছে। আরও জানানো হয়, দেশে ৪০ লাখ বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মতো সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত স্থাপিত হয়েছে ৯০ হাজার প্ল্যান্ট। এসব প্ল্যান্ট থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপন্ন হচ্ছে। অবশ্য বেশির ভাগ প্লান্টই প্রথাগত।
সেমিনারে এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কয়লা কিংবা গ্যাস নেই যে আমরা চাহিদামতো বিদ্যুতের উৎপাদন বাড়াব। সে কারণে আমাদের এখন নবায়নযোগ্য জ্বালানির দিকেই যেতে হবে।’ তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ২০২১ সালে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়িয়ে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে হবে। বর্তমানে দেশের সর্বোচ্চ সক্ষমতা ১৩ হাজার মেগাওয়াট।
সরকারের অবকাঠামো উন্নয়ন কোম্পানির (ইডকল) নির্বাহী পরিচালক মাহমুদ মালিক বলেন, ইডকল সারা দেশের বাসাবাড়িতে ৩৬ লাখ সৌর প্যানেল বসিয়েছে। তিনি জানান, ২০১৭ সালের মধ্যে বায়োগ্যাসভিত্তিক ১০০টি বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠা করার লক্ষ্যমাত্রা থাকলেও এখন পর্যন্ত হয়েছে নয়টি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব এনার্জির পরিচালক অধ্যাপক সাইফুল হক বলেন, বাংলাদেশে বর্জ্য, বায়োগ্যাস, বাতাসের মতো নবায়নযোগ্য জ্বালানির উৎসের কোনো কমতি নেই। তাই বাংলাদেশ জ্বালানির একটি খনি। তবে ব্যাটারির উচ্চমূল্য, টেকনোলজিস্টের স্বল্পতা, এ জ্বালানি ব্যবহারে অর্থ না পাওয়ার মতো সমস্যাগুলো এ ক্ষেত্রে বড় বাধা বলে মন্তব্য করেন তিনি।
জার্মান সরকারের উন্নয়ন সংস্থা জিআইজেড বাংলাদেশের জ্যেষ্ঠ উপদেষ্টা খালেকুজ্জামান জানান, তারা ২০০৪ সাল থেকে এ দেশের বাসাবাড়িতে সৌর প্যানেল বসানোর কাজ করছে। এ পর্যন্ত তাঁরা এমন ৪ লাখ ২০ হাজার সৌর প্যানেল বসিয়েছেন। তিনি বলেন, বাসাবাড়িতে সৌর প্যানেল বসানোর বাজার ক্রমেই বাড়ছে এবং এটি এখন কোনো ধরনের ভর্তুকি ছাড়াই চলার মতো অবস্থানে পৌঁছেছে।