চাহিদা মেটাতে ভবিষ্যতে চা আমদানির বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, দেশে চায়ের উৎপাদন বাড়ছে বছরে মাত্র দশমিক ৯৫ শতাংশ হারে। আর অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে ১২ দশমিক ৬৯ শতাংশ হারে।তবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) বলছে, দেশে চায়ের উৎপাদন বাড়ছে ২ থেকে ৩ শতাংশ হারে। আর অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে সাড়ে ৫ শতাংশ হারে।তথ্যে ভিন্নতা থাকলেও দুই সংস্থাই একমত যে, উৎপাদনের তুলনায় চাহিদা যে হারে বাড়ছে তাতে ভবিষ্যতে চাহিদা মেটাতে চা আমদানি করতে হবে। একই কারণে চায়ের রপ্তানিও কমছে। ভবিষ্যতে রপ্তানির জন্য চা উদ্বৃত্ত থাকবে না।চা বোর্ডের চেয়ারম্যান আবদুস সালাম খান বলেছেন, ২০১২ সালে দেশে ৩৮ লাখ কেজি চা দেশে আমদানি হয়েছে। চা উৎপাদন ও চাহিদা বৃদ্ধির যে প্রবণতা তাতে ২০১৬ সালে হয়তো আমদানি করে দেশীয় চাহিদা মেটাতে হতে পারে। ‘বাংলাদেশ চা-শিল্প: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিলে এসব মত উঠে এসেছে। রাজধানীতে বিআইআইএসএস নিজ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ গোলটেবিলের আয়োজন করে। বিআইআইএসএসের চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ এতে সভাপতিত্ব করেন।সভায় বিআইআইএসের দুই গবেষক জসিম উদ্দিন ও নাজমুল আরিফিন দুটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এসব গবেষণায় বলা হয়, চা-বাগানগুলোর প্রতি হেক্টর জমিতে গড়ে এক হাজার ২৭৪ কেজি চা উৎপাদিত হয়, তা তিন হাজার কেজিতে উন্নীত করা সম্ভব। চা-শিল্পের কয়েকটি সমস্যা চিহ্নিত করেছেন গবেষকেরা। এগুলো হলো ভূমিসংক্রান্ত সমস্যা, উচ্চমানসম্পন্ন চায়ের অভাব, সহজ শর্তে ঋণ না পাওয়া, শ্রমিকের কম মজুরি, শ্রমিক ও দক্ষ ব্যবস্থাপকের স্বল্পতা, এ খাতে সরকারি ভর্তুকির অভাব প্রভৃতি। এ ক্ষেত্রে করণীয় হচ্ছে এডিপিতে চা-শিল্পকে অন্তর্ভুক্ত করা, এ খাতের জন্য ১০ থেকে ১৫ বছরমেয়াদি পরিকল্পনা প্রণয়ন, সহজ শর্তে ঋণ দেওয়া, শ্রমিকের মজুরি বাড়ানো প্রভৃতি।বিআইআইএসএসের মহাসচিব সাজ্জাদুল হক বলেন, দেশে যেভাবে চায়ের অভ্যন্তরীণ চাহিদা বাড়ছে, তাতে আগামী দিনে চা রপ্তানি করা যাবে না বললেই চলে।দেশে চায়ের উৎপাদন না বাড়ার বড় কারণ হিসেবে এ খাতে বিনিয়োগ না হওয়াকে উল্লেখ করেন চা বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, দেশের সাড়ে নয় হাজার হেক্টর জমিতে পুরোনো চা-গাছ থেকে চা উৎপাদিত হচ্ছে। সে কারণে ওইসব বাগানে চা কম উৎপাদিত হচ্ছে। ওইসব জায়গায় মাটি পুনর্গঠন এবং চাষের ধরন উন্নত করার মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব। আবার ১০৬টি চা-বাগানে ছয় হাজার ৯০ হেক্টর জমিতে নতুন করে চা চাষ সম্প্রসারণ করা যায়। এসব করতে পারলে ২০২৫ সালের মধ্যে দেশে চায়ের উৎপাদন ১০ কোটি কেজিতে উন্নীত করা সম্ভব।বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের সহসভাপতি শাহ আলম বলেন, যেসব চা-গাছের বয়স ১০ বছর, সেসব গাছ থেকে প্রতি হেক্টরে তিন হাজার কেজির বেশি চা উৎপাদিত হয়। কিন্তু দেশের চা বাড়ানোর ৫০ শতাংশ গাছই পুরোনো। এসব গাছ থেকে ৫০০ থেকে এক হাজার কেজি চা উৎপাদন হয়। সে কারণে চা উৎপাদন বাড়ছে না। শাহ আলম আরও বলেন, চায়ের দাম নির্ধারণে উৎপাদকদের কোনো হাত নেই। এটা নির্ধারিত হয় ক্রেতাদের দ্বারা। চট্টগ্রামে চায়ের নিলামে ঠিক হয় দাম কত হবে। উৎপাদকেরা সরাসরি চা বিক্রি করতে পারেন না।