চাহিদার চাপ কমাতে স্বর্ণ আমদানিতে শুল্ক বাড়াল ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ক্রমবর্ধমান চাহিদার লাগাম টেনে ধরতে স্বর্ণ আমদানিতে শুল্কহার ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশে উন্নীত করেছে। ঠিক একইভাবে প্লাটিনাম আমদানির শুল্কহারও বাড়ানো হয়েছে। খবর বাসস/পিটিআইয়ের। স্বর্ণ ও প্লাটিনাম আমদানির বিপরীতে দেশ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাওয়ায় ভারতের কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এভাবে বৈদেশিক মুদ্রা চলে গেলে তাতে চলতি হিসাবে ঘাটতি বাড়ে এবং লেনদেনের ভারসাম্যকে ব্যাহত করাসহ অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে।এ নিয়ে ভারত সরকার গত এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম বাড়াল। এর আগে চলতি ২০১২-১৩ অর্থবছরের বাজেটে সরকার এই দামি পণ্যের আমদানি শুল্ক বাড়ায়। এই সিদ্ধান্তের পরপরই ভারতের বাজারে স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ৩১৫ রুপি করে বেড়ে ৩১ হাজার ২৫০ রুপিতে উঠেছে।