চাহিদার চাপে ডলারের দরে অস্থিরতা
দেশের বৈদেশিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের চাহিদা ও দর কিছুটা কমে এসেছে। ফলে বিদেশি মুদ্রাবাজার এখন অনেকটা সহনীয় পর্যায়ে এসেছে বলে মনে করা হচ্ছে।সম্প্রতি মার্কিন ডলারের ব্যাপক চাহিদা তৈরি হয়। এর ফলে বাড়তে থাকে ডলারের দাম। বিপরীত দিকে দুর্বল হয়ে পড়তে থাকে বাংলাদেশি টাকার মান। এতে বৈদেশিক মুদ্রাবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান থেকেই দেখা যায়, গত বছরের জুলাইয়ের শেষে যেখানে প্রতি ডলারের দর ছিল ৬৯ টাকা ৪১ পয়সা, তা ডিসেম্বর মাসের শেষে এসে হয়েছে ৭০ টাকা ৭৫ পয়সা। আর জানুয়ারি মাসের শেষে তা আরও বেড়ে হয়েছে ৭১ টাকা ১৫ পয়সা। গত বছরের জুলাই মাসের তুলনায় ডিসেম্বর মাসের শেষে এসে ডলারের বিপরীতে টাকার মূল্যমান এক দশমিক ৯৩ শতাংশ কমে গেছে। আর ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসের শেষে এসে ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে প্রায় আড়াই শতাংশ। তবে বাংলাদেশ ব্যাংক এখন বাজারে সরবরাহ বাড়িয়ে এবং একই সঙ্গে নৈতিকভাবে ব্যাংকগুলোকে প্রভাবিত করে বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতার প্রশমণ ঘটাতে অনেকটাই সক্ষম হয়েছে বলে মত দিয়েছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার ব্যাংকগুলোর ডলারের বিসি বিক্রির দর ৭৩ টাকা ৫০ পয়সায় নেমে আসে। আর আন্তব্যাংক মুদ্রাবাজারে গতকাল প্রতি ডলার বিক্রির দর ছিল ৭১ টাকা ১৭ পয়সা। সম্প্রতি মুদ্রাবাজারে মার্কিন ডলারের কিছুটা সংকট দেখা দেয়। এতে অনেক ব্যবসায়ী পণ্য আমদানির জন্য ঋণপত্র (এলসি) খুলতে গিয়ে বিপাকে পড়েন। ব্যাংকের কাছে পর্যাপ্ত ডলার না থাকায় ব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারের শরণাপন্ন হলে সেখানেও ডলারে টানাটানি অবস্থা তৈরি হয়। চাহিদা বাড়ায় ডলারের দাম বাড়তে থাকে। মূলত সাম্প্রতিকালে আমদানিজনিত ডলারের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়াই ডলারের দাম বাড়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। একই সময়ে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হলেও প্রবাসী-আয়ে (রেমিটেন্স) প্রবৃদ্ধি অনেক শ্লথ হয়ে আসে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্প্রতি ‘প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও মুদ্রানীতি: ২০১১ অর্থবছরে বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে বলেছে, বর্তমান অবস্থা অব্যাহত থাকলে অর্থবছর শেষে লেনদেনের ভারসাম্যে ঘাটতি আরও বাড়তে পারে। জুলাই-ডিসেম্বর সময়ে দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থার পরিমাণ কমে ৫৭ কোটি ৮০ লাখ ডলারে নেমে আসে। অন্যদিকে জুলাই-নভেম্বর সময়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি ৫৮ কোটি ৪০ লাখ ডলারে দাঁড়ায়।অথচ ২০০৯ সালের একই সময়ে লেনদেনের সার্বিক ভারসাম্যে ২১৫ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দেয়। আর চলতি হিসাবে ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থার পরিমাণ ছিল ১৫৬ কোটি ২০ লাখ ডলার।বৈদেশিক মুদ্রাবাজারের সূত্রগুলো বলছে, দুই-তিন দিন ধরে বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ বাড়িয়ে দেওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে প্রায় দুই সপ্তাহ ধরে কেন্দ্রীয় ব্যাংক বাজারে সরাসরি কোনো ডলার দেয়নি। ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে গেলে বাংলাদেশ ব্যাংক কিছু ক্ষেত্রে ওভার ড্রাফট (ওডি) দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক একটি বাণিজ্যিক ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহী বলেন, ওডি দেওয়ায় ব্যাংকগুলোর ঝুঁকি বেড়ে যায়। এতে ব্যাংকগুলোও কিছুটা রক্ষণশীল থাকে কেন্দ্রীয় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা নেওয়ার ক্ষেত্রে।উল্লেখ্য, ওডি নিয়ে বাংলাদেশ ব্যাংককে তা আবার বৈদেশিক মুদ্রায় ফেরত দিতে হয়। উপরন্তু কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশি টাকা জমা করেই ওডি নিতে হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এ পর্যায়ে ডলার বিক্রি করেনি। ব্যাংকগুলো বলছে, ওডি নেওয়ায় ঝুঁকির জায়গাটা হলো, বাজার যেহেতু ঊর্ধ্বমুখী, তাই তাকে বেশি দামে ডলার কিনে হলেও বাংলাদেশ ব্যাংককে তা পরিশোধ করতে হবে।তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বাণিজ্যিক ব্যাংক যেহেতু ব্যবসা করবে, তাই তাকেই এসবের দায় নিতে হবে।সাম্প্রতিক ডলারসংকট প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘একই সময়ে সাধারণ আমদানির ব্যয় বৃদ্ধি ও জ্বালানি তেলের জন্য বড় অঙ্কের বৈদেশিক মুদ্রার প্রয়োজন দেখা দেওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়।’ তবে পরিস্থিতির এখন উন্নতি হয়েছে এবং আরও সহনীয় হয়ে আসবে বলে তিনি মত প্রকাশ করেন।একই রকম মত প্রকাশ করেন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছুটা সংকট তৈরি হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা সহনীয় হয়ে এসেছে।বাংলাদেশ ব্যাংকের তথ্য-উপাত্তে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়কালে পণ্য আমদানির জন্য ব্যয় হয়েছে এক হাজার ৫২১ কোটি ৩০ লাখ ডলার। আর গত ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল এক হাজার ১১৫ কোটি ৭৬ লাখ ডলার। অর্থাৎ এই সময়কালে পণ্য আমদানি বাবদ ব্যয় বেড়েছে ৩৬ দশমিক ৩৫ শতাংশ।অথচ এর আগের বা ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে আমদানি-ব্যয় কমে গিয়েছিল পাঁচ দশমিক ৭০ শতাংশ।সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে দেশে নতুন করে ব্যবসা-বাণিজ্যে প্রাণ সঞ্চার হয়েছে। ফলে বাড়ছে উৎপাদন। গ্যাস-বিদ্যুতের সংকটে উৎপাদন কার্যক্রম অনেকটা ব্যাহত হওয়ার পরও বিভিন্ন শিল্পে উৎপাদনমুখী কর্মকাণ্ড নতুনভাবে গতি পাচ্ছে।আবার সম্প্রতি সরকার বেসরকারি খাতে জ্বালানি উৎপাদনের প্রকল্পে অনুমোদন দেওয়ায় নতুন করে এ খাতেও বিনিয়োগ হচ্ছে। পাশাপাশি রপ্তানির চাকাও দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে রপ্তানির বিপরীতে আমদানি-ব্যয়ও (ব্যাক টু ব্যাক) বাড়ছে। দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক রপ্তানির প্রায় ৪০ শতাংশ কাঁচামাল আমদানি করতে হয়। সর্বোপরি আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য ও জ্বালানি তেলসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে ব্যাপকভাবে। এর বড় প্রভাবও পড়েছে দেশের আমদানি-ব্যয়ে।অবশ্য জুলাই-জানুয়ারি সময়কালে দেশের রপ্তানি বাণিজ্যে বড় ধরনের উল্লম্ফন হয়েছে। এ সময় রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ, যেখানে আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি কমে গিয়েছিল সাড়ে চার শতাংশ হারে। তবে প্রবাসী-আয়ের প্রবাহ আগের বছরের একই সময়ের চেয়ে তুলনায় অনেক কমে গেছে। জুলাই-জানুয়ারি সময়ে দেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৪০ শতাংশ। অথচ ২০০৯-১০ অর্থবছরের প্রথম সাত মাসে প্রবাসী-আয়প্রবাহ বেড়েছিল ২০ দশমিক ৯০ শতাংশ।এদিকে মার্কিন ডলারের সংকট থাকাকালীন এবং এর দর বাড়ার ওপর কেন্দ্রীয় ব্যাংকের এক ধরনের নজরদারি থাকায় ব্যাংকগুলো তৃতীয় মুদ্রায় ডলার বিক্রি করতে গিয়েও এবার তেমন লাভবান হয়নি। প্রথম দিকে কোনো কোনো ব্যাংক এই প্রক্রিয়ায় ডলারের দাম বাড়িয়ে নিলেও পরে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তা আবার সহনীয় পর্যায়ে নেমে আসে।এই প্রক্রিয়ায় প্রথমে টাকা দিয়ে ইউরো কেনা হয়। তারপর আবার ইউরো দিয়ে ডলার কেনা হয়।চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ইউরোর বিপরীতে টাকার দরপতন হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ হারে।মুদ্রাবাজার সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সংকটের অন্যতম কারণ হলো বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক জ্বালানি তেলের আমদানি-ব্যয় মেটানোর জন্য অর্থায়ন। এ জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো বাজারে ডলার বিক্রি করতে পারেনি। বরং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডলার নিয়েছে। এমনকি দৈনন্দিন চাহিদা মেটাতে মুদ্রাবাজার থেকেও ডলার নিয়েছে।