চাহিদার চেয়ে চিনির মজুদ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি হিসাবে এ বছর চিনির চাহিদা ১৪ লাখ টন। এই চাহিদার বিপরীতে ২০১১-১২ অর্থবছরে সরকারি-বেসরকারি খাতে চিনি আমদানি হয়েছে সোয়া ১৮ লাখ টনেরও বেশি। দেশীয় উৎপাদন বাদ দিলেও অর্থবছর শেষে চাহিদার চেয়ে প্রায় চার লাখ টন চিনি উদ্বৃত্ত আছে। চাহিদার চেয়ে বেশি আমদানি হওয়ায় আন্তর্জাতিক বাজার থেকে কেনা দামের চেয়েও কম দামে বাজারে চিনি বিক্রি হচ্ছে। আবার সরকারের হাতে পুরো রোজার মাসের সমান চাহিদার চিনি মজুদ থাকায় চিনির বাজারে প্রভাব পড়েছে। এ কারণে এবার শোধন কারখানার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চিনির বাজার। সরবরাহ বেশি থাকায় পাইকারি বাজারে এখন দফায় দফায় চিনির দাম কমছে। গতকাল বৃহস্পতিবারও এক দফা দাম কমে খাতুনগঞ্জ পাইকারি বাজারে চিনি বিক্রি হয়েছে মণপ্রতি এক হাজার ৮৫০ টাকায়, কেজি হিসাবে সাড়ে ৪৯ টাকায়। চট্টগ্রামের এস আলম গ্রুপের চিনি বিক্রি হয় এক হাজার ৮০৫ টাকা, কেজি হিসাবে ৪৮ টাকা ৩৬ পয়সা। দুই সপ্তাহ আগে এই চিনি মণপ্রতি সর্বোচ্চ এক হাজার ৯৩০ টাকায় বিক্রি হয়েছিল। খাতুনগঞ্জ পাইকারি বাজারের ব্যবসায়ী শাহেদ উল আলম প্রথম আলোকে বলেন, সরবরাহ বেশি থাকায় এখন চিনির দাম পড়ছে। পরিসংখ্যানে দেখা যায়, দেশীয় উৎপাদন বাদ দিয়ে গতবার রোজার আগে মোট চিনি আমদানির প্রায় ২ শতাংশ নিয়ন্ত্রণ করেছিল সরকারি সংস্থাগুলো। এবার, অর্থাৎ গত অর্থবছরের মোট আমদানির সাড়ে ৭ শতাংশ নিয়ন্ত্রণে আছে সরকারি সংস্থাগুলোর। চট্টগ্রাম বন্দরের তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ছয়টি পরিশোধন কারখানা ১৫ লাখ ৯৭ হাজার টন অপরিশোধিত চিনি আমদানি করে। এ ছাড়া, ১১টি প্রতিষ্ঠান আমদানি করে দুই লাখ ৩০ হাজার টন চিনি। এর মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি এবং চিনি ও খাদ্যশিল্প করপোরেশন আমদানি করে এক লাখ ৩৭ হাজার টন চিনি। সব মিলিয়ে চিনি আমদানি হয় ১৮ লাখ ২৮ হাজার টন। তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২০১০-১১ অর্থবছরে চিনি আমদানি হয়েছিল ১৩ লাখ ২৮ হাজার টন। শোধন কারখানার বাইরে মাত্র তিনটি প্রতিষ্ঠান সামান্য পরিমাণ প্রস্তুত চিনি আমদানি করেছিল। দেশবন্ধু সুগার রিফাইনারির চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘দেশে এখন চিনি মজুদের পরিমাণ রোজার চাহিদার তিন গুণ—সাড়ে চার লাখ টন। সরবরাহ বেশি থাকায় দাম কমে গিয়ে আমরা এখন কেজিতে আট টাকা করে লোকসান দিচ্ছি।’