চাহিদার চেয়ে সরবরাহ বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুল হক আহমেদ

প্রশ্ন :

আপনারা কত সালে এলপিজি ব্যবসায় যুক্ত হয়েছেন এবং কেন?

শামসুল হক আহমেদ: ২০১৫ সালে ওমেরা এলপিজি ব্যবসায় যুক্ত হয়েছে। তবে প্রস্তুতি শুরু হয়েছিল ২০১০-১১ সাল থেকে। সরকারের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল প্রাকৃতিক গ্যাস কমে আসছে, তখন থেকে আমরা এ ব্যবসার পরিকল্পনা শুরু করি। ওমেরা এলপিজির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে ইস্ট কোস্ট গ্রুপ।

প্রশ্ন :

বাজারে আপনাদের অবস্থান কী?

শামসুল হক আহমেদ: বাজার হিস্যার দিক থেকে আমাদের অবস্থান দ্বিতীয়। কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যেই আমরা বাজারে নিজেদের ভালো একটি অবস্থান তৈরি করতে পেরেছি। দেশের চার জেলায় চারটি কারখানা থাকায় দ্রুত আমরা পণ্য পৌঁছে দিতে পারি।

প্রশ্ন :

এলপিজির বাজারে চ্যালেঞ্জ কী?

শামসুল হক আহমেদ: এ মুহূর্তে এলপিজির বাজারের প্রধান চ্যালেঞ্জ, চাহিদার তুলনায় সরবরাহ অনেক বেশি। বাজারে যত চাহিদা আছে, তার চেয়ে অনেক বেশি কোম্পানিকে ব্যবসার অনুমোদন দেওয়া হয়েছে। ফলে একধরনের অসম প্রতিযোগিতার শঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া আমাদের দেশে অবকাঠামোসুবিধার ঘাটতি রয়েছে। এ কারণে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য নিতে অনেক বেশি খরচ পড়ে, সময়ও লেগে যায়। ভারতের মতো দেশে এলপিজি কোম্পানির সংখ্যা খুব বেশি নয়। অথচ আমাদের দেশে চাহিদার তুলনায় সরবরাহকারী কোম্পানির সংখ্যা অনেক বেশি। এ ছাড়া অবৈধভাবে স্থানীয় পর্যায়ে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে গ্যাস ভরে বিক্রি করে একটি অসাধু চক্র। এতে ক্রেতারা প্রতারিত হন।

প্রশ্ন :

ভোক্তাদের অভিযোগ, যখন-তখন দাম বাড়ে। নিরাপত্তা নিয়ে্ও উদ্বেগ আছে। কেন?

শামসুল হক আহমেদ: আমদানি থেকে শুরু করে কারখানা পর্যায়ে প্রক্রিয়াজাত ও ভোক্তা পর্যন্ত এলপিজি পৌঁছে দিতে যে খরচ হয়, তার ৮০ শতাংশই আমদানি বাবদ ব্যয় হয়। তাই আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে তুলনা করলে দেশে দাম কম। বাজারে চাহিদার তুলনায় সরবরাহকারী বেশি থাকায় ভোক্তারা যৌক্তিক মূল্যের চেয়ে কম দামে এলপিজি ব্যবহার করতে পারছেন। বিশ্বজুড়েই এখন পর্যন্ত এটি নিরাপদ পণ্য হিসেবে স্বীকৃত বলেই এটির ব্যবহার হচ্ছে। ভোক্তার নিরাপত্তায় সব কোম্পানি ব্যাপকভাবে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে।